|
বাগমারাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি ডা. আব্দুল বারী
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি ডা. আব্দুল বারী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তার জয় নিশ্চিত হওয়ার পর থেকেই বাগমারা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। শুভেচ্ছা বিনিময়ের ধারাবাহিকতায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় ডা. আব্দুল বারী সরদার বলেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি বাগমারার আপামর জনসাধারণের বিজয়। আমি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও মাদকমুক্ত বাগমারা গড়াই হবে তার অঙ্গীকার। নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন নবনির্বাচিত এমপি। বিশেষ করে গ্রামীণ সড়ক, সেচব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনে এবারের ভোটগ্রহণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ডা. আব্দুল বারী সরদার প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। তার এই বিজয়ের মাধ্যমে বাগমারার সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এমপির নেতৃত্বে বাগমারায় সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
