|
ঢাকায় প্রতিবন্ধী মানুষদের ঈদ পুনর্মিলনী, অংশ নিলেন দেড় হাজারের বেশি মানুষ
|
![]() ঢাকায় প্রতিবন্ধী মানুষদের ঈদ পুনর্মিলনী, অংশ নিলেন দেড় হাজারের বেশি মানুষ সারাদিনব্যাপী এই আয়োজনে ঢাকার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন একত্রিত হয়ে অংশ নেয়। ‘প্রতিবন্ধী মানুষের আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০২৬’ নামের এই অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন দৃষ্টি প্রতিবন্ধী ইফতেখার মাহমুদ। ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন বি স্কানে কর্মরত বাপ্পি সরকার এবং সদস্য সচিব ছিলেন জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা। অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি। বক্তব্যে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনগুলোর সঙ্গে তার এই যাত্রা অব্যাহত থাকবে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ঝিটকা শরীফের পীর, ‘আমি খোঁজে ফাউন্ডেশন’ ও ‘দি কনসোর্টিয়াম’-এর চেয়ারম্যান তালেবে হক শাহ সুফী হযরত মাওলানা ডা. হারুন অর রশীদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মনোয়ার হাসান জীবন। অনুষ্ঠানে পীর সাহেব উপস্থিত প্রতিবন্ধী মানুষদের নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। জুমার নামাজের বিরতির পর দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের একাংশ ফুটবল খেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। পরে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা সাংবাদিক সুমন চৌধুরী এবং প্রতিবন্ধী নারী কাজলের যৌথ সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবন্ধী ব্যক্তিদের গান ও কবিতা আবৃত্তির পর মঞ্চে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ইকবাল হোসেন রানা ও জনপ্রিয় শিল্পী এফ এ সুমন। তাদের গানে দুই ঘণ্টা ধরে নাচ-গানে মেতে ওঠেন উপস্থিত সবাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক রিয়াজুর রহমান তামিমের সৌজন্যে র্যাফেল ড্র আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন জিতে নেন কণ্ঠশিল্পী এফ এ সুমন। আয়োজন সফল করতে মিজানুর রহমান, হানিফ, কাশেম, মাঈন উদ্দিন, বাবলু শেখ ও নিজামুদ্দিনসহ অনেকে সহযোগিতা করেন। মাগরিবের আজানের সময় মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সমন্বয়কারী ইফতেখার মাহমুদ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
