ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
চৌহালীতে গবাদিপশুর জন্য এনিমেলস সাইক্লোন সেন্টার এর উদ্বোধন
মো: সিয়াম হোসেন, চৌহালী
প্রকাশ: Saturday, 5 September, 2026, 11:21 AM

চৌহালীতে গবাদিপশুর জন্য এনিমেলস সাইক্লোন সেন্টার এর উদ্বোধন

চৌহালীতে গবাদিপশুর জন্য এনিমেলস সাইক্লোন সেন্টার এর উদ্বোধন

বন্যা, নদীভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগের সময় গবাদিপশুর নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সিরাজগঞ্জের চৌহালীতে ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যমুনা নদীবেষ্টিত চৌহালী উপজেলা প্রতিবছরই বন্যা ও নদীভাঙনের কবলে পড়ে। এতে মানুষের বসতবাড়ি ও ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকের গবাদিপশুও। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে গরু, ছাগলসহ বিভিন্ন গবাদিপশু শুধু পারিবারিক সম্পদ নয়, বরং তাদের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎস।

দুর্যোগের সময় পর্যাপ্ত নিরাপদ আশ্রয়ের অভাবে অনেক কৃষক তাদের গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন। কখনো কখনো বন্যার পানিতে পশু ভেসে যাওয়া বা মারা যাওয়ার ঘটনাও ঘটে। এতে দুর্যোগের ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষক পরিবারগুলোকে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হয়।

এই বাস্তবতায় দুর্যোগকালীন সময়ে গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকরা তাদের গবাদিপশু এখানে আশ্রয় দিতে পারবেন। ফলে প্রাণিসম্পদ রক্ষার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণও কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, এমপি। অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গবাদিপশু গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি সম্পদ। প্রাকৃতিক দুর্যোগে এসব পশু মারা গেলে কৃষক পরিবারগুলো সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়ে। তাই মানুষের নিরাপত্তার পাশাপাশি গবাদিপশুর সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

চৌহালীর স্থানীয় কৃষকরা জানান, উপজেলার চরাঞ্চলগুলোতে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি তুলনামূলক বেশি। দুর্যোগের সময় গবাদিপশু কোথায় নিরাপদে রাখা হবে—এ নিয়ে তাদের দীর্ঘদিনের উদ্বেগ ছিল। সেই জায়গা থেকে স্থায়ীভাবে গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

তাদের প্রত্যাশা, ‘অ্যানিমেলস সাইক্লোন সেন্টার’ ভবিষ্যতে দুর্যোগের সময় গবাদিপশু রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং চরাঞ্চলের কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে সহায়তা করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status