জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) দলটির টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন এনসিপি টঙ্গী পশ্চিম থানার আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।
সমাবেশে মোঃ নজরুল ইসলাম বলেন, এক রাতে লিটারপ্রতি ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি, পরিবহন, শিল্পসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, পরিবহন ব্যয় বাড়লে পণ্য পরিবহনের খরচও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা না চাপিয়ে দ্রুত জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা ‘তেলের দাম কমাই দে, নইলে গদি ছাইড়া দে’, ‘তেলের মূল্যবৃদ্ধি মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি টঙ্গী পশ্চিম থানার সদস্য সচিব মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাজা, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন, জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ইসহাক রুহুল্লাহ, টঙ্গী পশ্চিম থানার আহ্বায়ক মাহমুদ আলম বিশাল এবং ছাত্র শক্তি টঙ্গী সরকারি কলেজের আহ্বায়ক মেরাজুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।