|
তাহসিফের লাশ উদ্ধারের পর বন্ধুর পোস্ট, উঠে এলো কিছু ‘রহস্যময় প্রশ্ন’
নতুন সময় প্রতিবেদক
|
![]() তাহসিফের লাশ উদ্ধারের পর বন্ধুর পোস্ট, উঠে এলো কিছু ‘রহস্যময় প্রশ্ন’ ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওচিত্র ধারণ ও প্রকাশের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গণমাধ্যম। তাহসিফের সহপাঠী কেএসএম ইনতিসার ইনজিমাম। তারা আদমজী কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন ও পরে ৭৯ বিএমএ ইক্যুইভ্যালেন্ট কোর্সমেট হিসাবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কোর্স করেন। ইনতিসার ফেসবুকে লিখেছেন, ‘ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। হাসিনার ভিডিও ভাইরাল করার সঙ্গে জড়িত এই ছেলেটার লাশ আজকে তুরাগ নদীতে ভেসে আসছে।’ তার ফেসবুক পোস্টটি হুবহু দেওয়া হলো। ‘ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। হাসিনার ভিডিও ভাইরাল করার সঙ্গে জড়িত এই ছেলেটার লাশ আজকে তুরাগ নদীতে ভেসে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাল বাদ আসর তার জানাজা। উত্তরায়। গত পরশু রাতে সে বাইরে যায় এরপর এই ঘটনা। তার লাশের ছবিতে হাতে কাদা মাখা। বাকি সব ক্লিন, এইটা কিসের লক্ষণ আমি এখনি বলতে চাই না তবে এইটা ব্যক্তিগত কোনো কোন্দল বা এক্সিডেন্ট ক্লিয়ারলি প্রমাণিত না হলে আমি ধরে নেব এইটা পলিটিক্যাল। তাহসিফ সাউরি আদমজী কলেজে আমার বন্ধু ছিল এবং পরবর্তীতে আমরা ৭৯ বিএমএ ইক্যুভেলেন্ট কোর্সমেট হিসাবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন্ট সার্ভিস কোর্স করি। ওর সঙ্গে আমার জীবনের আদর্শ আকাশ ও পাতাল কিন্তু আমি যখনই কোন তালিম টাইপ কথা বলতাম চুপ করে শুনত। যদিও I wish he could understand better, but we all lead our lives in our way, maybe that's what got to him. ৫ আগস্ট এর ভিডিও ফাঁস হওয়ার পর, তার মানহানি করা হয় নানান বিষয়ে। কিন্তু তার বিরুদ্ধে কোন পুলিশি কেস করতে পারে নাই আমার জানা মতে। যদিও বহুল করে মানহানি করা হয়েছিল। তাই আমার বিশ্বাস সব কিছু সেই হাসিনার হেলিকপ্টার এর ভিডিও ফাঁসের সঙ্গে কানেক্টেড। কারণ ৫ আগস্টের ঘটনার আগেও ফ্যালকন এই তার ১ সপ্তাহ আগে আমার সঙ্গে দেখা হয়, সে সাধারণ ডিউটি করছিল। আল্লাহ তাকে মাফ করে দিন এবং তার বিচার করুন। আমিন।’ প্রসঙ্গত, মঙ্গলবার বাসা থেকে বের হন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি। বুধবার বিকেলে তুরাগ নদে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে চারটার তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, আমরা ট্রিপল নাইন (৯৯৯) এর মাধ্যমে ফোন পেয়ে উনাকে উদ্ধার করেছি। উনার নাম হলো তাহসিফ সৌরি, অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট। পুলিশ বলছে, লাশটি ভাসমান অবস্থায় কচুরিপানার মধ্য থেকে উদ্ধার করা হয়। এসময় তার পরনে ছিল সাদা ট্রাউজার এবং কালো জামা। লাশে আঘাতের চিহ্ন ছিল কি না এমন প্রশ্নের জবাবে ফিরোজ উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। ‘আমরা পোস্টমর্টেমে পাঠিয়েছি। সেখান থেকে বিস্তারিত জানা যাবে, আমরা প্রাথমিকভাবে ওটা নির্ধারণ করতে পারিনি’। তার নিখোঁজ হওয়ার বিষয়ে এখনও কোনো তথ্য পুলিশে হাতে নেই। তবে এটি হত্যাকাণ্ড কি না এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এদিকে এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। তাহসিফ সাউরির শরীরের বাইরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, লাশের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
