সংসারে অভাব-অনটন ছিল। তার থেকে মুক্তি পেতে মাঝে মধ্যেই লটারির টিকেট নিতেন। তা বলে রাতারাতি প্রথম পুরস্কার জিতে কোটিপতি হয়ে যাবেন এমনটা ভাবেননি ভারতের পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ইন্দ্রনারায়ণ সেন।
এখন এক কোটি টাকার পুরস্কার জিতে কার্যত ঘুম উড়ে গেছে তার। নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশের।
কালনার সাতগাছি পঞ্চায়েতের সাহাপাড়ার প্রবীণ বাসিন্দা ইন্দ্রনারায়ণ জানিয়েছেন, হুগলির গুপ্তিপাড়ায় তার ছেলের ছোট একটি সোনার দোকান রয়েছে। সোনার গয়না বানিয়ে বিক্রি করেন ছেলে। তার রোজগার আর ইন্দ্রনারায়ণবাবুর পেনশনেই সংসার চলে। সেই সূত্রেই মাঝে মধ্যে গুপ্তিপাড়ায় যেতেন তিনি। ছেলের দোকানের পাশে একটি লটারির দোকান থেকে মাঝে মধ্যেই টিকিট কিনতেন।
গত ২৯ ডিসেম্বর ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন ইন্দ্রনারায়ণবাবু। লটারির ফল ঘোষণা ছিল ওই দিন রাত আটটায়। গুপ্তিপাড়ায় বসেই সেই টিকিট মেলাতে শুরু করেন তিনি। কিন্তু কয়েক বার মেলানোর পরেও নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না ওই বৃদ্ধ। প্রথম পুরস্কারের টিকিটের নম্বরটিই তার। পরে বিশ্বাস হয়ে কিছুটা ধাতস্থ হন তিনি। ততক্ষণে এলাকাতেও রটে যায় তার লটারি জেতার কথা।
এই পরিস্থিতিতে বাড়িতে ফিরে আসেন। ইন্দ্রনারায়ণবাবু জানান, আনন্দে আর টিকিটের সুরক্ষার চিন্তায় রাতে কার্যত দু’চোখের পাতা এক করতে পারেননি। সকালে ব্যাঙ্ক খুলতেই ছুটে যান স্টেট ব্যাঙ্কে। ব্যাঙ্কের কর্মীরা টাকা পাওয়ার নিয়ম-কানুন জানিয়ে দেন তাকে। কিন্তু তাতেও আশ্বস্ত হতে পারেননি। পরের দিন অর্থাৎ মঙ্গলবার কালনা থানায় হাজির হয়ে নিরাপত্তার দাবি জানান। পুলিশকর্মীরাও তাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। তার পরে কিছুটা স্বস্তি পান।
গত ১৪ ডিসেম্বর কালনা মহকুমার পূর্বস্থলীর এক কিশোর লটারি টিকিট কেটে এক কোটি টাকা পেয়েছিলেন। সেই পরিবারও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।