যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেশ কমে আসলেও মঙ্গলবার তা ফের বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪০৯ জন। এর আগে সোমবার দেশটিতে মাত্র ১ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছিলো। রোববারও ছিলো এর কাছাকাছি।
আন্তর্জাতিক জরিপকারীসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মোট ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের।
বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে নিউইয়র্কে। সেখানে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৩৮ জনের।
সোমবার দেশটির অনেক অঙ্গরাজ্য করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন তুলে নেয়া শুরু করলেও সরকারি কর্মকর্তারা জানান, এখনও হাসপাতালে ভর্তির অনেক চাপ থাকায় এক্ষেত্রে নিউইয়র্কের কোন ব্যস্ততা নেই।