৫০ পেরিয়েও জেনিফারের মতো শরীরী গঠন ধরে রাখবেন কী করে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 December, 2021, 11:25 AM
৫০ পেরিয়েও জেনিফারের মতো শরীরী গঠন ধরে রাখবেন কী করে?
মঞ্চে মার্কিনি তারকার উজ্জ্বল উপস্থিতি যেমন নজরকাড়া, তেমনই তাঁর শরীরী বিভঙ্গ ঝড় তোলে পুরুষ থেকে মহিলাদের মনে।
তিনি জেনিফার লোপেজ। ৫২ বছর বয়স পেরিয়েও শরীর গঠন ধরে রাখার জন্য নির্দিষ্ট নিয়মের বাইরে পা রাখেন না তিনি। ঈর্ষণীয় তো বটেই, তিনি নিয়মিত কী কী এক্সারসাইজ করেন, তা জানার প্রতি কৌতূহল সকলের তুঙ্গে। জেলোর সুঠাম, পেশিবহুল চেহারার রহস্য এবার ফাঁস করলেন সেলেব্রিটি ফিটনেস ট্রেনার ডেভিড কার্শ।
'ভোগ' ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে ডেভিড জানান, সুস্বাস্থ্য এবং শরীরের সুগঠনের জন্য নিয়মিত কসরত করেন তিনি। এর জন্য জেনিফার এমন মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন, যে আলাদা করে এক্সারসাইজের জন্য জোর করতে হয় না তাঁকে। পরিস্থিতি যাই থাকুক, এক্সারসাইজ এবং খাদ্যাভ্যাসের দিকে অতিসতর্ক জেনিফার। টোনড ফিগার ধরে রাখার জন্য প্ল্যাটিপাস ওয়াকস, সাইড কিকস, প্লাইয়োমেট্রিক স্কোয়াট জাম্পস, সুমো লাঞ্জেসের মতো এক্সারসাইজ নিয়মিত করেন।
ডেভিড সাক্ষাৎকারে আরও জানান, কখনও কখনও কার্ডিও এক্সারসাইজ যুক্ত করা হয় রুটিনে। তবে নতুন ধরনের এক্সারসাইজের প্রতি জেলোর আগ্রহ ও কৌতূহল দুটোই তীব্র। তাছাড়াও নির্দিষ্ট ডায়েট মেনে চলেন তিনি। বয়সকে মাথায় রেখে এবং পরিশ্রমের মাত্রার উপর নির্ভর করে শরীরকে সঠিক পরিমাণ বিশ্রাম দিতে ভোলেন না জেনিফার। একাধিক শো-এর পর ক্লান্ত থাকলেও নির্দিষ্ট রুটিন মেনে চলার কারণেই যত বয়স বাড়ছে ততই সুন্দর হয়ে উঠছেন জেলো।