ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সেই ভুল বানান এর যে ব্যাখ্যা দিল উদযাপন কমিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 11:36 PM
সর্বশেষ আপডেট: Friday, 17 December, 2021, 10:28 AM

সেই ভুল বানান এর যে ব্যাখ্যা দিল উদযাপন কমিটি

সেই ভুল বানান এর যে ব্যাখ্যা দিল উদযাপন কমিটি

বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে এই শপথ পড়ান তিনি। কিন্তু প্রধানমন্ত্রী যে ডায়াসে দাঁড়িয়ে দেশবাসীকে শপথ পড়িয়েছেন, সেই ডায়াসে মুজিববর্ষ বানান ভুল হওয়া নিয়ে শুরু হয়েছে তোলপাড়। পোডিয়ামে (মঞ্চ) দেখা গেছে, মুজিববর্ষের জায়গায় লেখা হয়েছে ‌‘মুজিবর্ষ’।  

এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালটেন্ট আসিফ কবীর। তিনি বলেছেন, ‘পোডিয়ামের বানান ভ্রান্তিটির প্রাথমিক খোঁজখবরে যা জানতে পেরেছি তা হলো : আমরা একটি চিপ-এ পিসি থেকে ট্রান্সফার করে লেখাটি উৎকীর্ণ করেছি। ডিভাইস ট্রান্সফারের একপর্যায়ে একটি “ব” অক্ষর অমিট (বাদ) হয়ে গেছে।

আমরা পিসিতে চেক করে দেখেছি এটা ঠিকই আছে। এডভান্স টেকনোলজির বিষয়টি হয়ত স্যুট করেনি। এলইডিতে পরিস্ফুটন করে লেখাটি তোলা হয়েছে। পেডিয়ামের মনিটরেই আমরা ত্রুটিপূর্ণ বানান দেখতে পাই। এমন প্রযুক্তিক গোলমালের বিষয়টি দৃষ্টিতে আসার পরপরই নামাজের বিরতিতে ত্রুটি ঠিক করা হয় মাধ্যমটি পরিবর্তন করে। অর্থাৎ প্রথমে এলইডিতে পরে ম্যানুয়ালি উৎকীর্ণ করা প্লেট প্রতিস্থাপন করে।’


আলোচনায় শপথ মঞ্চের ভুল বানান
এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে দুইদিনের বিশেষ অনুষ্ঠানমালা। প্রথম দিন বিকেলে এ অনুষ্ঠানে দেশবাসীকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

ওই শপথ অনুষ্ঠানের মঞ্চের ডায়াসে লেখায় ভুল চিহ্নিত হয়েছে। সেখানে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ’ লেখার বদলে লেখা হয়েছে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’। অর্থাৎ ‘মুজিববর্ষ’ বানান থেকে একটি ‘ব’ বাদ পড়ে গেছে। এতে শব্দটি অসম্পূর্ণ হয়ে পড়েছে। যদিও শপথপত্রে ‘মুজিববর্ষ’ বানান সঠিকভাবে লেখা হয়েছে।

এই ভুল বানান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। শহীদ সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করে লিখেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্টের কোয়ালিটি কন্ট্রোল করবার কি কেউ নাই! ‘মুজিববর্ষ’ এর জায়গায় ‘মুজিবর্ষ’ লেখা। শুধু টাকা বানানোর জন্যই এসব ইভেন্টওয়ালারা কাজ করে, ধ্যানে জ্ঞানে শুধু টাকাই টাকা।’

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশে বিদেশে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সবাইকে এই ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এত বড় আয়োজনে এমন দৃষ্টিকটূ ভুল সহজভাবে নেওয়ার নয় বলেও মন্তব্য করেছেন অনেকে।

সিনিয়র সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ফেসবুকে লিখেছেন, ‘সব ভুল ভুল না। কোনো কোনো ভুল শাস্তিযোগ্য। ‘মুজিববর্ষ’ লিখতে অবহেলা করায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শাস্তি হওয়া উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম এ প্রসঙ্গে বলেন, মুজিববর্ষকে ‘মুজিবর্ষ’ লিখলে সেটি ভুল হবে। এভাবে লেখা যায় না।

এ বিষয়ে জানতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এই কমিটির মিডিয়া কনসালট্যান্ট আসিফ কবির ঘটনাটিকে যান্ত্রিক ত্রুটি বলে গণমাধ্যমে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, বোর্ডটা এলইডিতে করা। যান্ত্রিক ত্রুটির জন্য একটি ‘ব’ ফুটে উঠেনি। আয়োজকদের দৃষ্টিতে আসার পরপরই অনুষ্ঠানের বিরতির সময়ে এই ত্রুটি দূর করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শপথ নেন সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যোগ হওয়া অগণিত মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status