একাকীত্ব সবার জন্যই কষ্টের, বিশেষ করে বৃদ্ধ বয়সে তা আরো বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর তাই সেই একাকীত্বের কষ্ট থেকে বাঁচতে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ। তবে সেটি কোনো পত্রিকায় নয়, বরং বিলবোর্ডে!
সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসর্ অঙ্গরাজ্যের বাসিন্দা জিম বেস প্রেমিকা পেতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে এজন্য অঙ্গরাজ্যের একটি মহাসড়কের পাশে থাকা একটি বিলবোর্ডে বিজ্ঞাপনও দিয়েছেন।
বিলবোর্ডের বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘একজন ভালো নারী চাই। বয়স ৫০-৫৫ বছর হতে হবে। কথা বলতে, হাঁটতে এবং একসঙ্গে ভালো কাজ করতে চাই।’
বিজ্ঞাপনের নিচে একটি ফোন নম্বর লেখা রয়েছে। ওই বিজ্ঞাপনে বড় করে রয়েছে জিমের একটি ছবিও। সেখানে দেখা যায়, কাউবয় টুপি পরে ছবি তুলেছেন জিম।
আগে ওয়াশিংটন থাকতেন জিম। মাত্র কয়েক মাস আগে টেক্সাসে চলে আসেন তিনি। উদ্দেশ্য সব কিছু নতুন করে শুরু করবেন তিনি।
সেই শুরুর জন্য অনলাইনে প্রেমিকা খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন পাঁচ সন্তানের বাবা জিম। আগে দুইবার বিয়ে করেছিলেন তিনি। কিন্তু টেকেনি কোনো সংসার। আর তাই অনলাইনের পাশাপাশি ভিন্ন পথ খুঁজে বের করেন তিনি।
স্থানীয় একটি গণমাধ্যমকে জিম বলেন, এমন নয় যে আমি এখন স্কুলছাত্র। কেননা তখন কারও সঙ্গে সাক্ষাৎ হওয়া সহজ। কিন্তু এই বয়সে এসে, সেই সুযোগ কোথায়। তাই ভিন্ন পন্থায় সবার নজর কাড়ছেন এই বৃদ্ধ।