ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, লাঠিসোঁটা নিয়ে লোকজনের অবস্থান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 August, 2024, 11:52 AM সর্বশেষ আপডেট: Thursday, 15 August, 2024, 11:55 AM
ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, লাঠিসোঁটা নিয়ে লোকজনের অবস্থান
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এই চিত্র দেখা যায়। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। লোকজনের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, এই এলাকায় কেউ এলেই তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে।ধানমন্ডি ৩২ নম্বর সড়ক এলাকায় কয়েকজন।
ধানমন্ডি ৩২ নম্বর সড়ক-সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়। এলাকাটিতে অবস্থানকারী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা গতকাল বুধবার রাত থেকে এখানে আছেন। তাঁরা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না। আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করেন।
আওয়ামী লীগ সরকারের গত প্রায় ১৫ বছরের শাসনকালে প্রতিবছর ১৫ আগস্ট বহু মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এদিন ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়।আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা ১৫ আগস্টে ‘পাল্টা অভ্যুত্থানের’ চেষ্টা করতে পারেন, এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে। আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।