লামা সদর ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ
মোঃজুবাইরুল ইসলাম, লামা
প্রকাশ: Thursday, 22 August, 2024, 5:28 PM
লামা সদর ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ
বান্দরবান লামা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেনকে অপসারণ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১'টায় ইউনিয়ন পরিষদে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে তারা ।
এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ জড়ো হয়ে চেয়ারম্যান মিন্টু কুমার সেনের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এতে বিক্ষোভে অংশ নেয় ২ শতাধিক এলাকাবাসী।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত এলাকাবাসী জানান, বান্দরবানের সাবেক এমপি 'বীর বাহাদুরের হুকুমে লামা উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের সহযোগিতায় রাতের ভোটে অবৈধভাবে মিন্টু কুমার সেন চেয়ারম্যান হন। এরপর থেকেই সে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। রয়েছে মসজিদ-মন্দির প্রকল্পের বিশাল অংকের টাকা আত্মসাৎ এর অভিযোগ। সরকারি ঘর দেয়ার নামে হাতিয়ে নিয়েছে জনপ্রতি ২৫/৩০ হাজার টাকা করে। ভিজিডি, ভিজিএফ চাল বিতরণে দলীয়করণ ও স্বজন প্রীতি সহ দলীয় লোক দিয়ে সাধারণ জনতার উপর অত্যাচার, নানাভাবে হয়রানি ও চাঁদাবাজি করেছে নিয়মিত।
অনায়াশে রাতের ভোটে চেয়ারম্যান হওয়ার পরিকল্পনায় বিপক্ষীয় প্রার্থীর কর্মীদের মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।'
বিক্ষোভকারীরা বলেন, গত ৫'আগস্ট সরকার পতনের পরপরই জনতার রোষানল থেকে বাঁচতে গা-ঢাকা দিয়েছেন তিনি। এ কারণে ইউনিয়নের সেবা থেকে স্থানীয় মানুষ বঞ্চিত হচ্ছে। তাই ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেনকে অপসারণ করে একজন প্রশাসক নিয়োগ এবং তার সব অপকর্মের বিচার করতে হবে।