গাজীপুরের বাসন থানায় শেখ হাসিনা, কাদের, কামালসহ ১৩৯ জনের নামে হত্যা মামলা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 22 August, 2024, 5:25 PM
গাজীপুরের বাসন থানায় শেখ হাসিনা, কাদের, কামালসহ ১৩৯ জনের নামে হত্যা মামলা
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নূর আলম (২২) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় আ'লীগের ১৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে গাজীপুর মহানগরীর বাসন থানায়।
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ-ক-ম মোজাম্মেল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি, রুমানা আলী টুসি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্ল্যাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের নেতা মতিউর রহমান মতিসহ ১৩৯ জনের নামে মামলাটি দায়ের করা হয়েছে।
এছাড়া তাদের সহযোগী হিসেবে আওয়ামী লীগের আরোও ১০০-১৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মামলাটি রুজু করা হয়। জানা যায় নিহত নূর আলমের বাবা মো. আমির আলী (৪৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তার বাড়ি কুড়িগ্রাম সদরের মোল্লাপাড়া মধ্য কুমরপুর এলাকায়। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার ১৮ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার ডাক্তার নাহিদের বাড়িতে ভাড়া থাকেন।
মামলায় তিনি উল্লেখ করেন, গত ২০ জুলাই সকালে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ছয়জনের নির্দেশে বন্দুক, পিস্তল, লাঠি, লোহার রড, রামদা, ছেন, চাপাতি, কোবাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়াস্থ হানিমুন রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করা হয়।
এক পর্যায়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. আজমত উল্লাহ খান ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সেখানে উপস্থিত থেকে এবং হুকুম দিয়ে অন্য আসামিদের দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ করিয়েছেন। ওই সময় তাদের ছোড়া গুলি নূর আলমের ডান চোখের ওপরের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে তার মৃত্যু নিশ্চিত হয়।
ঘটনার পর ছেলের মৃত্যুর বিষয়ে শোকাহত হয়ে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে কোনো আইনি সহায়তার পদক্ষেপ নেননি তিনি। পরে বিবাদীদের নাম ঠিকানা সংগ্রহ করতে এবং দেশের বিদ্যমান অরাজকতা পরিস্থিতির কারণে মামলা করতে দেরি হয়েছে বলে উল্লেখ করা হয়। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।