|
৩ দিন পর মা-বাবার কোলে ফিরল অপহৃত রোহিঙ্গা শিশু ইছা
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() ৩ দিন পর মা-বাবার কোলে ফিরল অপহৃত রোহিঙ্গা শিশু ইছা গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাড়ির আঙিনায় খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয় ইছা। কিছুক্ষণ পরই অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারটি ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় দু’দিন পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির পিতা মোহাম্মদ আমির আলী। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় অধিযাচন পত্র পাঠান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। সংবাদ পেয়ে চন্দনাইশ থানার ওসি গোলাম সরওয়ার দ্রুত অভিযান শুরু করেন। টানা একদিনের তৎপরতার পর সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার দোহাজারী এলাকা থেকে মুক্তিপণ ছাড়াই ইছাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ওসি গোলাম সরওয়ার বলেন, “পরিকল্পনা অনুযায়ী মুক্তিপণের টাকা নিতে অপহরণকারীকে নির্দিষ্ট স্থানে আসতে বলা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী পালিয়ে যায়, তবে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।” আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকালে উদ্ধারকৃত শিশুকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “দুই থানার সমন্বিত প্রচেষ্টায় শিশুটিকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করা গেছে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।” মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের বি ব্লকের শেডে দেখা যায়, পিতা-মাতার সঙ্গে খেলায় মেতে আছে ছোট্ট ইছা। পরিবার জানায়, মানসিকভাবে কিছুটা ভীত থাকলেও তার শারীরিক অবস্থা ভালো। শিশুর পিতা মোহাম্মদ আমির আলী আবেগঘন কণ্ঠে বলেন, “আমি ভাবিনি ছেলেকে ফিরে পাব। আল্লাহর রহমতে আর দুই ওসি স্যারের আন্তরিকতায় সে আবার আমার কোলে ফিরেছে। তারা না থাকলে জানি না কী হতো।” সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ ও আশপাশের এলাকায় শিশু অপহরণের প্রবণতা বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের মতে, প্রশাসন ও পুলিশের এ ধরনের সমন্বিত পদক্ষেপ অব্যাহত থাকলে অপহরণকারীদের দৌরাত্ম্য কমবে এবং প্রাণহানির ঝুঁকি হ্রাস পাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
