|
মৃত্যুর পর পর্দায় ফিরে আসা তারকা
নতুন সময় ডেস্ক
|
![]() মৃত্যুর পর পর্দায় ফিরে আসা তারকা হিথ লেজার দ্য ডার্ক নাইট খ্যাত অভিনেতা হিথ লেজারের সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০০৮ সালের ফ্যান্টাসি ফিল্ম দ্য ইম্যাজিনারিয়াম অব ডক্টর প্যারনাসাস। কিন্তু সিনেমার মাত্র এক-তৃতীয়াংশ চিত্র ধারণ করার পরেই হিথ লেজার মৃত্যুবরণ করেন। এরপর পরিচালক টেরি গিলিয়াম সিদ্ধান্ত নেন, হিথ লেজারের সম্মানে তিনি চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন করবেন। দ্য ইম্যাজিনারিয়াম অব ডক্টর প্যারনাসাস এমনিতেই রূপকথা ছিল, গিলিয়াম কাহিনিতে আরেকটু পরিবর্তন এনে লেজারের চরিত্রটিকে এমন এক ব্যক্তি হিসেবে তুলে ধরেন, যে বিভিন্ন সময় বিভিন্ন চেহারা ধারণ করতে পারে। আর এই পরিবর্তিত চরিত্রগুলোতে অভিনয় করেন হিথ লেজারের তিন ঘনিষ্ঠ বন্ধু জনি ডেপ, কলিন ফ্যারেল ও জুড ল। তারা এই চলচ্চিত্র থেকে তাদের আয়কৃত সম্পূর্ণ অর্থ হিথ লেজারের মেয়ে মাতিলদাকে উপহার হিসেবে দিয়ে দেন। অলিভার রিড ২০০০ সালে মুক্তি পাওয়া মহাকাব্যিক চলচ্চিত্র গ্ল্যাডিয়েটরে রোমান সাম্রাজ্যের প্রভাবশালী দাস ব্যবসায়ী প্রক্সিমোর চরিত্রে অভিনয় করেছিলেন অলিভার রিড। কিন্তু শুটিং শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহ বাকি থাকতেই তিনি মৃত্যুবরণ করেন। তবে বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্মাণে সিদ্ধহস্ত পরিচালক রিডলি স্কট সিনেমায় তার উপস্থাপন সংক্রান্ত সমস্যার সমাধান করে ফেলেন। তিনি সিদ্ধান্ত নেন, প্রযুক্তির মাধ্যমেই মৃত অলিভার রিডকে পর্দায় ফিরিয়ে আনবেন। ব্রুস লি গেম অব ডেথ চলচ্চিত্রটি ছিল ব্রুস লি অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত সর্বশেষ চলচ্চিত্র। ১৯৭২ সালে তিনি চলচ্চিত্রটি নির্মাণের কাজে হাত দেন। মাঝে অন্য একটি সিনেমা করতে গিয়ে ব্রুস লি মৃত্যুবরণ করেন। ফলে গেম অব ডেথের কাজ অসমাপ্তই রয়ে যায়। তার মৃত্যুর পাঁচ বছর বছর পর এন্টার দ্য ড্রাগনের পরিচালক রবার্ট ক্লোজকে দায়িত্ব দেওয়া হয় গেম অব ডেথের নির্মাণ সম্পন্ন করার জন্য। ক্লোজ ব্রুস লির শুট করা অধিকাংশ দৃশ্যই ছেঁটে ফেলেন। তিনি দুজন স্টান্টম্যান দিয়ে ব্রুসের চরিত্রের দৃশ্যগুলো নতুন করে ধারণ করেন, যেখানে চরিত্রটির মুখ প্রায়ই অন্ধকারে অথবা সানগ্লাস পরা অবস্থায় থাকে। পল ওয়াকার পল ওয়াকারের মৃত্যু আধুনিক চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম দুঃখজনক ঘটনা। গাড়ির রেসভিত্তিক চলচ্চিত্র সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত এই অভিনেতা ২০১৩ সালে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সে সময় তিনি সিরিজটির সপ্তম চলচ্চিত্র ফিউরিয়াস ৭-এ মাত্র অভিনয় শুরু করেছিলেন। পলের মৃত্যুর পর কিছুদিন চলচ্চিত্রটির অগ্রগতি থমকে থাকে। কিন্তু তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে তার ভাইদের সঙ্গে পরিচিত হওয়ার পরেই নির্মাতাদের মাথায় নতুন বুদ্ধি আসে। তারা চলচ্চিত্রটির কাহিনিতে কিছু পরিবর্তন আনেন এবং পল ওয়াকারের দৃশ্যগুলোতে তার দুই ভাইকে দিয়ে অভিনয় করান। পলের সঙ্গে তার ভাইদের চেহারার অবিশ্বাস্য রকমের মিল আছে। কিন্তু তার পরেও দৃশ্যগুলোকে আরও নিখুঁত করার জন্য পরবর্তীতে কম্পিউটার গ্রাফিক্সের সাহায্য নেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
