|
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘জ্বালানি তেল’ উপহার!
নতুন সময় প্রতিনিধি
|
![]() গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘জ্বালানি তেল’ উপহার! মঙ্গলবার বিকালে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মী ও সমর্থকেরা ডিজেলভর্তি একটি বোতল উপহার দেন। বিয়ে ঘিরে এই ব্যতিক্রমী উপহারটি আলোচনায় আসে একই দিন রাত ১০টার দিকে গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে। ফেসবুক পোস্টে ছবিটি প্রচার করে তিনি লেখেন- ‘তৈলের তীব্র সংকট মোকাবেলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন।’ এরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। প্রকাশিত ছবিতে দেখা যায়- সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাইফুল মৃধাসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সম্মিলিতভাবে একটি ৫ লিটারের বোতলে প্রায় ৩ লিটার ডিজেল ভরে বর ও কনের হাতে তুলে দেন। এ সময় তারা উপস্থিত অতিথিদের সামনে প্রতীকীভাবে এ উপহার প্রদান করেন, যা জ্বালানি সংকটের বাস্তবতা তুলে ধরার একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করে। খোঁজ নিয়ে জানা গেছে, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক হুসাইনের ছেলে ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এবং উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের সঙ্গে একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম মো. শহিদুল ইসলাম খানের মেয়ে শারমিন স্বর্ণার বিয়ে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক ফিলিং স্টেশনে সরবরাহ সীমিত থাকায় কৃষি, মৎস্য ও পরিবহণ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
