টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় মাদকাসেবীদের হামলা, ৬ স্বেচ্ছাসেবী আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 1:42 PM
টঙ্গীতে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় মাদকাসেবীদের হামলা, ৬ স্বেচ্ছাসেবী আহত
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে মাদকাসেবী ও মাদক কারবারিদের হামলায় বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশনের অন্তত ৬ জন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ১০টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশনের স্বেচ্ছাসেবীরা টঙ্গী বাজার এলাকায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছিলেন। এ সময় মহাসড়কের পাশে অবস্থানরত কিছু মাদকাসক্ত ও মাদক কারবারিদের কর্মকাণ্ডে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধভাবে স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত ৬ জন স্বেচ্ছাসেবী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় মাদকাসেবীদের হামলায় ৬ জন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।