|
৩৬ সংরক্ষিত নারী আসন, মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৩৬ সংরক্ষিত নারী আসন, মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নারীনেত্রী এবং মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল-সংযুক্ত তরুণ নেত্রীরাও মনোনয়ন–দৌড়ে রয়েছেন। একাধিক শিল্পীও এবার মনোনয়ন প্রত্যাশী। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত আসনে মনোনয়ন ফমম সংগ্রহ নিয়ে দলের নারীনেত্রীদের উৎসাহ-উদ্দীপন প্রসঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন আমাদের নির্বাচন থেকে দূরে রাখতে সচেষ্ট ছিল। ফ্যাসিস্টমুক্ত গণতান্ত্রিক পরিবেশে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা বাড়াটাই স্বাভাবিক। এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণেই যে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকের এই জায়গায় উপনীত হয়েছে। ‘একটা অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৫/১৬ বছরের লড়াইয়ের পর আমরা গণতান্ত্রিক চর্চা রীতিনীতি এবং এটি অনুশীলন করার যে পরিবেশটি পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি যে, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বরাবরই বিএনপি যেভাবে তার সংসদ সদস্যদের বাছাই করেন ঠিক একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হচ্ছে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদেরকে দলের যে মনোনয়ন ফর্ম সেটি আমরা বিতরণ করছি এবং এবং তারা সেটি পূরণ করে যা যা চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো সহ আমাদের কাছে জমা দিবেন।’ প্রার্থী চূড়ান্তের বিষয়ে রিজভী বলেন, ‘বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে। কেউ যদি ফেইসবুকে কোন স্বাধীন মতামত পেশ করেছেন তাকে গভীর রাত্রে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং যারা অত্যন্ত সক্রিয় ছিলেন রাজপথে তাদের উপরে চলেছে বর্বরোচিত অত্যাচার, নিপীড়ন নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন-নির্যাতনের শেষ ছিলো না, অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে।’ ‘আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ ’বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কাজে সংশ্লিষ্ট দলের সহ দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং বিকাল সাড়ে তিনটার দিকে জানান, এখন পর্যন্ত সাত‘শ ওপরে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। জমা পড়েছে দেড়শ’টির মতো। গত বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩ টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
