|
শ্রীপুরে প্রাইভেটকারে তুলে নিয়ে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে প্রাইভেটকারে তুলে নিয়ে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই এ ঘটনায় ভুক্তভোগী আরিফ হোসেন (৩৫) সোমবার(২০ এপ্রিল) সকালে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিফ হোসেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের চালক তাকে ২০০ টাকা ভাড়ায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। পরে আরও তিনজন যাত্রী উঠলে তিনিও গাড়িটিতে ওঠেন। পথিমধ্যে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মাথায় ছুরি ঠেকিয়ে হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও তার এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন বুথ থেকে ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করা হয়। পরে তাকে মারধর করে পরিবারের কাছ থেকে আরও টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়। জীবননাশের হুমকির মুখে পড়ে তিনি স্ত্রীকে ফোন করলে তার স্ত্রী বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। পরবর্তীতে অফিস থেকেও ৩২ হাজার টাকা পাঠানো হয়, যা দুর্বৃত্তরা হাতিয়ে নেয়। অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা পরবর্তীতে আরও টাকা দাবি করলে তার স্ত্রী অভিযুক্তদের দেওয়া একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে তারা তাকে বাসায় নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ জানায়, লিখিত অভিযোগ পেয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
