|
পদ্মা নদীতে জেলের বরশিতে কুমির, চরভদ্রাসনে চাঞ্চল্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() পদ্মা নদীতে জেলের বরশিতে কুমির, চরভদ্রাসনে চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তাদের ব্যবহৃত ‘হাজাইরা’ বরশিতে হঠাৎ করে একটি কুমির আটকে যায়। পরে জেলেরা কুমিরটিকে উদ্ধার করে উপজেলার সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন। কুমির ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। বিরল এই দৃশ্য দেখতে অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধারকারী জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, তারা প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে অপ্রত্যাশিতভাবে কুমিরটি বরশিতে আটকা পড়তে দেখেন। পরে তারা সতর্কতার সঙ্গে কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “ঘটনার পরপরই আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।” উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। খুলনা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের তত্ত্বাবধানে কুমিরটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
