ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জোন কাপের প্রথম বাঁশি, চার গোলের হাসি বোয়ালখালীর
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Saturday, 20 June, 2026, 11:27 AM

জোন কাপের প্রথম বাঁশি, চার গোলের হাসি বোয়ালখালীর

জোন কাপের প্রথম বাঁশি, চার গোলের হাসি বোয়ালখালীর

দীর্ঘ প্রতীক্ষার পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পর্দা উঠেছে বহুল প্রতীক্ষিত দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবের রূপ নেয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় মাঠে নামে ৩নং কবাখালী একাদশ ও ২নং বোয়ালখালী একাদশ।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বোয়ালখালী একাদশ। নির্ধারিত সময় শেষে তারা ৪-০ গোলের ব্যবধানে কবাখালী একাদশকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মিনি স্টেডিয়ামে ভিড় করেন। দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে উদ্বোধনী ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দীঘিনালা জোনের এ উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন তরুণদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা প্রকাশ করেছেন, টুর্নামেন্টের মাধ্যমে উপজেলার তরুণ ফুটবলাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন এবং খেলাধুলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status