ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গা সংকট: একসঙ্গে কাজ করবে মালয়েশিয়া-বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 June, 2026, 1:59 PM

রোহিঙ্গা সংকট: একসঙ্গে কাজ করবে মালয়েশিয়া-বাংলাদেশ

রোহিঙ্গা সংকট: একসঙ্গে কাজ করবে মালয়েশিয়া-বাংলাদেশ

মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের আংশিক সমাধানে মালয়েশিয়া ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেছেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব।

একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে এই সমস্যার আংশিক সমাধান করা যায়।

সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পরে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই নেতাই। জোর করে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ যে মানবিক কাজ করেছে তার প্রশংসা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া।

রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোই এ সংকটের একমাত্র সমাধান বলে মালয়েশিয়া নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এ কাজে মালয়েশিয়া সব সময় সহায়তার আশ্বাসও দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান, ওআইসি, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মালয়েশিয়া পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।

বৈশ্বিক অন্যান্য সংকওেটর বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, বিশ্ব রাজনীতির বিষয়ে—যেমন ফিলিস্তিন এবং গাজায় জায়নবাদী ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচারের বিরুদ্ধে, কিংবা উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সমর্থনে আমরা একসাথে আছি।

শান্তি নিশ্চিত করতে আমরা আমাদের সব অংশীদারদের সাথে এক হয়ে কাজ করে যাব।

বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় জানিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায় এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করে।

একই সঙ্গে আমরা আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানে আগ্রহী। বাংলাদেশের আঞ্চলিক সংযুক্তি প্রচেষ্টায় মালয়েশিয়ার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তার চীনে যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমান রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status