চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন, বন্ধ কন্টেইনার পরিচালনা কার্যক্রম
আবু হানিফ রানা, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 22 June, 2026, 8:08 PM
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন, বন্ধ কন্টেইনার পরিচালনা কার্যক্রম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এলাকার ৩ নম্বর জেটিতে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে কন্টেইনার পরিচালনা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হলে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তাপ ও শিখা পাশের একটি রেফ্রিজারেটেড (ফ্রিজ) কন্টেইনারেও ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে জেটিতে কন্টেইনার ওঠানামা ও স্থানান্তর কার্যক্রম বন্ধ করে শ্রমিকসহ সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন প্রায় নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত কন্টেইনার থেকে মালামাল সরিয়ে নেওয়া এবং আশপাশের কন্টেইনার নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ শুরু করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে বন্দর ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত কন্টেইনার পরিচালনা কার্যক্রম পুনরায় চালু করা হবে।