|
এইচএসসিতে বসেছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী
নতুন সময় প্রতিবেদক
|
![]() এইচএসসিতে বসেছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা–২ বিষয়ের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এবার সবগুলো শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। তবে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা সকাল ৮টা থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করতে শুরু করেন। ভোর থেকেই রাজধানীর ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘড়ির কাঁটায় সাড়ে ৮টায় আসতেই শুরু হয় বৃষ্টি। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের বৃষ্টি মাথায় পরীক্ষা দিতে আসতে দেখা যায়। সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার সুযোগ ছিল পরীক্ষার্থীদের। সাড়ে ৯টা পর্যন্ত কড়া তল্লাশি চালিয়ে তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এরপরও কয়েকজন পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেখা গেছে। বিশেষ পরিস্থিতিতে কারো দেরি হয়ে গেলে তাদের তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে কেন্দ্রে প্রবেশের সুযোগ ছিল। বি এ এফ শাহিন কলেজের পরীক্ষার্থী মেয়েকে নিয়ে এ কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন মো. শাহিন। তিনি বলেন, ৯টার আগেই পৌঁছেছি। সকালে খুব জ্যাম ছিল না। একটু বৃষ্টি ছিল, তেমন অসুবিধা হয়নি। একই কলেজের পরীক্ষার্থী মেয়েকে নিয়ে এ কেন্দ্রে এসছিলেন মো. মোর্তজা বশির। তিনিবলেন, বৃষ্টিতে একটু আটকে গিয়েছিলাম কিন্তু সাড়ে ৯টার মধ্যে মেয়ে কেন্দ্রে ঢুকতে পেরেছে। এখন একটু টেনশন হচ্ছে। আল্লাহ ভরসা, মেয়ের প্রস্তুতি ভালো, আশা করি ভালো ফল করবে। নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ অগাস্ট, ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা ১ অগাস্ট ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত। উচ্চমাধ্যমিকে এ বছর নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের থেকে ১৪ হাজার ৩১৬ জন বেশি। ৪ হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বসবেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী, যা গত বছরের থেকে ৬ হাজার ৮০৩ জন বেশি। ২ হাজার ৭০৫টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৬১টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, বিএমটি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন, যা গত বছরের তুলনায় ১ হাজার ৬৪৭ জন কম। ১ হাজার ৮৪৯ প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৬১০ কেন্দ্রে পরীক্ষা নিচ্ছেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ থেকে ৬ ফুট লম্বা বেঞ্চে দুইজন এবং চার ফুট লম্বা বেঞ্চে একজন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করা হয়েছে এবার। পরীক্ষা কেন্দ্রে প্রতি কক্ষে দায়িত্ব পালন করছেন দুইজন কক্ষ পরিদর্শক। শিক্ষা বোর্ডগুলো থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছিল, পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভেতর প্রবেশের ব্যবস্থা করতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে। এরপর কোনো শিক্ষার্থী এলে তার রোল নম্বরসহ অন্যন্য তথ্য লিপিবদ্ধ করে তাকে কেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া যাবে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে জটলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের। পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ। এবারই প্রথম এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা চলাকালে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী এবং পর্যবেক্ষক ছাড়া অন্য কারো পরীক্ষা কেন্দ্রের ভেতরে থাকার নিয়ম নেই। পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের টয়লেটগুলো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তল্লাশি করাতে এবং নকলের সামগ্রী পেলে ফেলে দিতে বলা হয়েছে। পরীক্ষার পুরো সময় জুড়ে কেন্দ্র কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার রেওয়াজ থাকলেও গত বছরের মত এবারো প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ‘ফাঁকে ফাঁকে’ ক্লাস চালাতে পারবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
