|
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষক-অভিভাবকদের সমন্বয় এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন মো. সোহেল রানা। সভাপতিত্ব করেন অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ তাজ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন সাংবাদিক মঞ্জুরুল হক, অধ্যাপক আলতাফ মাহমুদ, শিক্ষক প্রতিনিধি শওকত আলী, অভিভাবক প্রতিনিধি সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুস সাত্তার ও রিয়াজ উদ্দিনসহ অনেকে। সভাপতির বক্তব্যে অধ্যাপক আসাদুজ্জামান আকাশ বিদ্যালয়ের চলতি বছরের ভালো ফলাফলের জন্য প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “ভালো ফলাফল ধরে রাখার পাশাপাশি আগামী দিনে আরও ভালো করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণ করতেই এই সমাবেশের আয়োজন।” অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি। প্রধান অতিথি অধ্যক্ষ তাজ উদ্দিন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিল্পীর নিষ্ঠুর আঘাতেই যেমন সুন্দর শিল্প গড়ে ওঠে, তেমনি একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের জন্য শিক্ষকদেরও প্রয়োজন অনুযায়ী কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।” শিক্ষকদের শাসন বা কঠোরতা নিয়ে কোনো অভিযোগ উঠলে অভিভাবকদের তা নিয়ে শিক্ষার্থীদের নিরুৎসাহিত না করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “এই গ্রামের সন্তান হিসেবে এখানকার শিক্ষার্থীদের প্রতি আমারও দায়িত্ব রয়েছে।” তাঁর এলাকায় যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করে তাঁর কলেজে ভর্তি হবে, তাদের উচ্চতর শ্রেণির বই বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। সাংবাদিক মঞ্জুরুল হক বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের ভাষা ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে পাচুয়া উচ্চ বিদ্যালয়ের ভালো ফলাফলের ধারা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
