|
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
নতুন সময় ডেস্ক
|
![]() দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর দিল্লি ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৩ মিনিটে প্রথম ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি গাড়ি মোতায়েন করা হয়। দিল্লি ইউনিভার্সিটির সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহু শিক্ষার্থী ভাড়া বাসা অথবা পেয়িং গেস্ট (পিজি) হিসেবে বসবাস করেন। স্থানীয় বিধায়ক জানান, ধসে পড়া ভবনটিতেও একটি পিজি হাউজ হিসেবে পরিচালিত হচ্ছিল। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আরকে পুরম এলাকার বিজেপি বিধায়ক অনিল কুমার শর্মা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা; এর চেয়ে হৃদয়বিদারক আর কিছু হতে পারে না। দেশের বিভিন্ন এলাকা থেকে যে সন্তানরা এখানে পড়াশোনা করতে এসে একটি পিজিতে থাকছিল, সেই ভবনটিই ধসে পড়েছে। এইমাত্র দুটি সন্তানকে উদ্ধার করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল, এমসিডি ও পুলিশ বিভাগের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তায় বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, ডিডিএমএ, এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, এমসিডি, ক্যাটস এবং সিভিল ডিফেন্সের দলগুলো যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনটি খালি করা হয়েছে। আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে উদ্ধারকাজ জোরদার করতে এবং সহায়তার হাত বাড়িয়ে দিতে ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছেন এনএসইউআই ও আইসা-র মতো বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ অনুষ্ঠিত
প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরে 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম' অনুষ্ঠিত
লাকসামে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
