ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 September, 2026, 4:00 PM

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও তার বাবা-মাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

সিফাত আব্দুল্লাহর আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি সাংবাদিকদের বলেন, আমরা সিফাতের জামিন চেয়েছিলাম; কিন্তু আদালত জামিন নামঞ্জুর করেছেন।

তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের যে বক্তব্য বা গালাগালের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে, তা মামলার এজাহারে উল্লেখ নেই। এমনকি শুনানিতেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

আইনজীবী বলেন, গত ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, ‘তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার দাবি, সিফাত ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, সিফাত আব্দুল্লাহ এনসিপির একজন সক্রিয় কর্মী। তার দাবি, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিফাত সক্রিয় ভূমিকা রেখেছেন। আন্দোলনে তার অংশগ্রহণের ছবি ও ভিডিও সংগৃহীত রয়েছে। তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৪ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে সিফাতের উত্থাপিত অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে ভিন্ন চিত্র পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

সিফাত তার ভিডিওতে দাবি করেন, গত দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে তাকে। ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলব?’

অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিস। উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে সিফাত আব্দুল্লাহর পরিবারের বিদ্যুৎ সংযোগ ও বিলের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়েছে।

তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিফাতের পিতা মো. সেকান্দার আলীর নামে গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দোতলা বাড়িটিতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। চলতি বছরের মে থেকে আগস্ট—এই চার মাসে সিফাতের বাড়ির তিনটি আবাসিক মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status