ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু এক দিনে মৃত্যু ৯ জনের মৃত্যু
♦ সারা দেশের হাসপাতালে রোগীর ভিড় ♦ চলতি মাসে পরিস্থিতি খারাপের আশঙ্কা বিশেষজ্ঞদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 10:43 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 9 September, 2026, 10:53 AM

বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু এক দিনে মৃত্যু ৯ জনের মৃত্যু

বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু এক দিনে মৃত্যু ৯ জনের মৃত্যু

দ্রুত অবনতির দিকে যাচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রায় প্রতিদিনই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ‘শুধু সেপ্টেম্বরেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আমাদের নজরদারি ও পূর্বাভাস মডেল স্পষ্টভাবে দেখাচ্ছে, সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এক মাসেই আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’ তিনি বলেন, ‘থেমে থেমে বৃষ্টি, ডেঙ্গুবাহী এডিস মশার জন্য অনুকূল তাপমাত্রা এবং নজরদারির তথ্য-সবকিছুই সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। এডিস মশা এখন জেলা, উপজেলা এমনকি অনেক গ্রামেও ছড়িয়ে পড়েছে। এর ফলে রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মূল সমস্যা হলো প্রমাণভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা বাস্তবায়ন না করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক জরিপে কোথায় কত শতাংশ এডিস মশার প্রজনন হচ্ছে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকে। কিন্তু সেই হটস্পটগুলো লক্ষ্য করে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রাস্তায় ফগিং ও সাধারণ লার্ভিসাইডিংয়ের মতো গতানুগতিক কার্যক্রমই চলছে। যেখানে এডিস মশা জন্মাচ্ছে, সেখানে যদি নিয়ন্ত্রণকার্যক্রমই না পৌঁছায়, তাহলে শুধু ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঢাকার বাইরে স্থানীয় সরকার বিভাগের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাগুলোরও মশা নিয়ন্ত্রণে নির্ধারিত দায়িত্ব ও বাজেট রয়েছে। তাই দ্রুত মশা নিধনে প্রমাণভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা নিতে হবে।’

প্রতিদিন হাজারের বেশি নতুন আক্রান্ত : ডেঙ্গুর ভরা মৌসুমে হুহু করে বাড়ছে আক্রান্ত। প্রায় প্রতিদিনই হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। গতকাল নতুন করে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৪ জন, মারা গেছে চারজন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন, ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগের হাসপাতালে একজন মারা গেছে। গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৯০৪ জন, মারা গেছে ১২১ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের সাত দিনেই আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৮ জন, মারা গেছে ২৪ জন।

হাসপাতালে বাড়ছে রোগীর চাপ : স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুরোগীর চাপ বাড়ছে। সরকারি হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেন, ‘গত এক সপ্তাহে হাসপাতালে ডেঙ্গুরোগীর চাপ অনেক বেশি। আমাদের দুটি পৃথক ডেঙ্গু ওয়ার্ডে ১৪০টি শয্যা রয়েছে। পাশাপাশি মেডিসিন ওয়ার্ডেও অতিরিক্ত রোগী রাখা হচ্ছে। শয্যার বাইরে মেঝেতেও রোগী রয়েছে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে নার্স ও ওয়ার্ডবয়ের কিছু ঘাটতি রয়েছে।’

ডেঙ্গুরোগীর চাপ বেড়ে যাওয়ায় খুলনা বিশেষায়িত হাসপাতালে নতুন ৫০ শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. নুরুল ইসলাম। এ ছাড়া নরসিংদী জেলা হাসপাতালে ২৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

এক দিনে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে একজন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪০৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, রংপুর বিভাগে ৭২ জন, সিলেটে ৮ জন রয়েছে।

চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ৪৭৫ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে ১ হাজার ৪১৮ জন চিকিৎসাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status