|
কেরাণীগঞ্জে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() কেরাণীগঞ্জে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা পুলিশ বলছে, ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী ওই যুবক মোহাম্মদপুর-রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্য। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় প্রতিপক্ষের কয়েকজন মিলে কুপিয়ে ও গুলি করে তাকে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বন্ধু সাকিব বলেন, মাছ ও কাপড়ের ব্যবসায়ী ছিলেন ফরহাদ। দুপুরে বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন। তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ বেশ কয়েকজন ফরহাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ফরহাদকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও বন্ধুরা খবর পেয়ে ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক পিস্তল ও চাপাতি হাতে কোথাও প্রবেশ করছেন। এরমধ্যে ওই দরজা দিয়ে দুজন দৌড়ে বের হয়ে যান। এরপর সেখান থেকে লুঙ্গি পরা একজনকে রক্তাক্ত অবস্থায় টেনে বের করতে দেখা যায়। বাইরে আনার পর হামলার শিকার হওয়া ব্যক্তি বাঁচার চেষ্টা করলেও দুজন টেনে ধরে চাপাতি দিয়ে এলোপাথারি কোপ দিতে থাকে। একজনের হাতে আগ্নেয়াস্তও দেখা গেছে। ফরহাদ ভোলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকাতে থাকতেন। গেল ১২ এপ্রিল বিকালে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় দুই কিশোর গ্যাংয়ের আধিপত্যের বিরোধে ‘এলেক্স গ্রুপের' হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
