গাজীপুরে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
এদিকে, একই দিন ভোরে কালিয়াকৈর পৌরসভার কালামপুর পাকার মাথা এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।