ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 October, 2026, 11:32 AM

নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য

নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কাজ শুরু হচ্ছে আজ সোমবার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

পে ফিক্সেশন শেষ হলে সরকারি চাকরিজীবীরা নতুন বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া একসঙ্গে পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাস-এর বিশেষ পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এ জন্য চাকরিজীবীদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ, ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনসহ বিভিন্ন তথ্য দিতে হবে। পাশাপাশি আগের বেতন নির্ধারণ, পদোন্নতি ও উচ্চতর গ্রেডের তথ্য যাচাই করা হবে।

কর্মকর্তারা বলছেন, নতুন ও পুরনো মূল বেতনের পার্থক্য এবং বেতন কার্যকরের সময় বিবেচনায় নিয়ে বকেয়া হিসাব করা হবে। ফলে সবার বকেয়ার পরিমাণ সমান হবে না। কারো গ্রেড, বর্তমান মূল বেতন, পদোন্নতি বা উচ্চতর গ্রেডের ইতিহাস অনুযায়ী বকেয়ার পরিমাণ ভিন্ন হবে।

সরকার গত ১৯ সেপ্টেম্বর ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে।

এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ মূল বেতন এক লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পুরো বেতন একবারে কার্যকর  না করে দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামোর প্রথম দুই ধাপ বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের হিসাবে নতুন বেতনকাঠামোর কারণে অতিরিক্ত ব্যয়ের বড় অংশই আগামী দুই অর্থবছরে বহন করতে হবে। তবে পে ফিক্সেশনের ক্ষেত্রে কিছু জটিলতাও সামনে এসেছে।

বিশেষ করে আগের বেতনকাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা একাধিক উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে কারিগরি ও প্রশাসনিক কিছু প্রশ্ন তৈরি হয়েছে। অর্থ বিভাগ এসব বিষয় পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনলাইনে তথ্য দেওয়ার পর তা হিসাবরক্ষণ কার্যালয় যাচাই করবে। তথ্য ও নথির মধ্যে কোনো অসংগতি পাওয়া গেলে সংশোধনের সুযোগ থাকবে। তাই চাকরিজীবীদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, পদবি, গ্রেড এবং বেতনসংক্রান্ত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

পে ফিক্সেশন চূড়ান্ত হলে নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল প্রস্তুত করা হবে। একই সঙ্গে জুলাই থেকে প্রাপ্য বকেয়া হিসাব নির্ধারণ করা হবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসেই নতুন বেতনের প্রথম সুবিধা এবং কয়েক মাসের বকেয়া পাওয়ার সুযোগ পাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status