চট্টগ্রামে কামরুল হত্যা মামলা: প্রধান আসামি কামাল কক্সবাজারে গ্রেপ্তার
মো.মোক্তার হোসেন বাবু
প্রকাশ: Saturday, 10 October, 2026, 3:26 PM
চট্টগ্রামে কামরুল হত্যা মামলা: প্রধান আসামি কামাল কক্সবাজারে গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) এসআরবি-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কামালকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি কামাল কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা। তার বাবার নাম মোরাদ।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা ৩৬ নম্বর হত্যা মামলায় কামালকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামি করা হয়েছে। মামলাটির পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারের পর কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।