গাজীপুর জেলা কারাগারে আ.লীগ নেতা মোবারকের মৃত্যু, অপেক্ষা ময়নাতদন্তের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 9:19 PM
গাজীপুর জেলা কারাগারে আ.লীগ নেতা মোবারকের মৃত্যু, অপেক্ষা ময়নাতদন্তের
গাজীপুর জেলা কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের (৫৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে কারা কর্তৃপক্ষ।
মোবারক হোসেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লার ছেলে। তিনি মেঘডুবি পূর্ব ইউনিট আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন।
গাজীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নূর মোহাম্মদ সোহেল বুধবার (১৪ অক্টোবর) সকালে জানান, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মোবারক হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠায়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবারকের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
তিনি আরও জানান, সম্প্রতি মোবারক হোসেনের জামিন হওয়ার কথা থাকলেও তা হয়নি। বর্তমানে তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কারা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট পূবাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।