ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার থেকে আবারো সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা
ভূবন ত্রিপুরা, সাজেক
প্রকাশ: Wednesday, 21 October, 2026, 5:21 PM

বৃহস্পতিবার থেকে আবারো সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা

বৃহস্পতিবার থেকে আবারো সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর ) থেকে আবারো সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।

বুধবার (২১ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন। 

এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং  সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল। 

তার আগে ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করা হলে ওই দিন বাঘাইহাট জোন উপ অধিনায়ক মো. সালমান ও প্রশাসন ৪৮ ঘন্টা সময়সীমার মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর ৩ দফা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ স্থগিত করা হয়। এরপর প্রশাসন দাবি পূরণে ব্যর্থ হওয়ায় এবং শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করায় পুনরায় গত ১৫ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়।

বিবৃতিতে দুই সংগঠনের নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানগুলোতেই রয়েছেন। তাদের সশস্ত্র গ্রুপের কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে সাজেকের মাচলঙ এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে ঘরছাড়া করেছে। গ্রামবাসীদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নিয়েছে। সাধারণ জুমচাষীরা ভয়ে জুমে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কার করার কাজে যেতে পারছেন না। সেনাবাহিনী লোকদেখানো অভিযান চালালেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো সেনাবাহিনী অভিযানের নামে যারা জেএসএসের সশস্ত্র সদস্যদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। 

নেতৃদ্বয় বলেন, এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য তাদেরকে উক্ত এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) থেকে সাজেক পর্যটন সড়কে আবারো অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। 

বিবৃতিতে তারা সাজেক পর্যটনে যারা ভ্রমণে রয়েছেন তাদেরকে আজকের মধ্যে সাজেক পর্যটন ত্যাগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। 

অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃদ্বয় বিবৃতিতে উল্লেখ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় এলাকাবাসী-সহ সংশ্লিষ্ট সকলকে কর্মসূচি সফল করার আহ্বান জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status