ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঈদ নেমে এসেছে নাটকপাড়ায়, নাওয়া-খাওয়া ভুলেই দিনভর শুটিং
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 3 May, 2019, 9:18 AM

ঈদ নেমে এসেছে নাটকপাড়ায়, নাওয়া-খাওয়া ভুলেই দিনভর শুটিং

ঈদ নেমে এসেছে নাটকপাড়ায়, নাওয়া-খাওয়া ভুলেই দিনভর শুটিং

ঈদ আসতে এখনো এক মাসের বেশি সময় বাকি। কিন্তু এখনই ঈদ নেমে এসেছে নাটকপাড়ায়। অসংখ্য টিভি চ্যানেলে সপ্তাহব্যাপী ঈদের অনুষ্ঠানমালার খোরাক জোগাতে যারপর নাই ব্যস্ত হয়ে উঠেছেন নাট্য নির্মাতা ও অভিনয়শিল্পীরা। অনেকটা নাওয়া-খাওয়া ভুলেই দিনভর এক শুটিং স্পট থেকে ছুটে যাচ্ছেন অন্য শুটিং স্পটে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শুটিং হাউসে খোঁজ নিয়ে এবং নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, বরাবরের মতো এবারও ব্যস্ততার শীর্ষে রয়েছেন অভিনেতা মোশারফ করিম, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, সজল, নিলয় আলমগীর, সাজু খাদেম, নাঈম, আনিসুর রহমান মিলন, জিয়াউল ফারুক অপূর্ব, জোভান আহমেদ, তৌসিফ মাহবুব ও ইফরান সাজ্জাদ। আর অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মেহজাবীন চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, সাফা কবির, সাবিলা নূর, মুমতাহিনা টয়া, শেহতাজ মুনিরা, উর্মিলা শ্রাবন্তী কর, সালস্নাহ খানম নাদিয়া, নাবিলা ইসলাম, অপর্ণা ঘোষ, শবনম ফারিয়া ও মৌসুমী হামিদ। এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মের পাশাপাশি অনেকের হাতে রয়েছে একগুচ্ছ ঈদের ধারাবাহিক নাটকও।

বিশেষ করে জনপ্রিয় এবং শীর্ষ চাহিদাসম্পন্ন তারকাদেরই সবচেয়ে বেশি ব্যস্ত দেখা যায় ঈদ মৌসুমে। হাতে অসংখ্য নাটকের কাঁটায় কাঁটায় সিডিউল মেলাতে ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। পরিবার থেকেও একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েন অনেকটা। নিজেদের মুঠোফোনটাও বন্ধ রাখেন এই সময়। যেসব অভিনয়শিল্পী সারাবছর থাকেন ধারাবাহিক নাটক নিয়ে, তারাও ব্যস্ত হয়ে উঠেন ঈদের নাটকের কাজ নিয়ে।

ঈদের নাটক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, 'দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই ঈদের নাটকে কাজ করছি। এবার বেশ কয়েকটি নাটকে আমার বিপরীতে আফরান নিশো ও অপূর্ব ভাইয়াকে দেখা যাবে। রাত-দিন এক করে শুটিং করে যাচ্ছি। অন্যবারের তুলনায় এবার আগেই শুরু হয়েছে ঈদের কাজ। ফলে রমজানের মধ্যেও চাপ কম থাকবে।'

ঈদের নাটকে নিয়ে তুমুল ব্যস্ত অভিনেত্রী জাকিয়া বারি মম। তিনি বলেন, 'আমি নাটকের মানুষ। প্রতিনিয়তই আমাকে অভিনয় করতে হয়। তবে ঈদের আগে কাজের অনেক চাপ থাকে। খুব সচেতনভাবে কাজগুলো সম্পন্ন করতে হয়। খেয়াল রাখতে হয়, বাড়তি কাজ করতে গিয়ে কাজের মান যাতে না পড়ে যায়।'

এ সময়ের আরেক আলোচিত অভিনেত্রী সাবিলা নূরের কণ্ঠেও ব্যস্ততার হাওয়া। বলেন, 'সবেমাত্র পরীক্ষা শেষ হয়েছে। দুটি দিন বিশ্রামও নিতে পারি নি। শুরু করতে হয়েছে ঈদের নাটকের কাজ। এবার পাঁচ থেকে ছয়টি নাটকে আমাকে দেখা যাবে। কাজগুলো ভালোই হয়েছে।' শবনম ফারিয়া জানান, 'দেবী চলচ্চিত্র করার জন্য আমার বেশ কিছু কাজ জমা ছিল। সেসব এখন করতে হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে ঈদের নাটকের কাজ। সকালে বের হয়ে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। আশা করছি, দর্শক পরিশ্রমের মূল্যায়ন করবেন।'

ঈদের ব্যস্ততা নিয়ে নিলয় আলমগীর জানান, 'কয়েক বছর ধরে নিয়মিত ধারাবাহিক করছি। তবে ঈদ আসলেই এক পর্বের নাটকের কাজ বেড়ে যায়। এবারও তাই হয়েছে। সাজু খাদেম বলেন, 'মাঝে ২৭ দিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে। ফলে বেশ কিছু কাজ জমা পড়ে ছিল। সেসবের সঙ্গে যোগ হয়েছে ঈদের কাজ। সবমিলিয়ে অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছি।' ঘুম নেই নির্মাদেরও। সম্প্রতি কক্সবাজারে সাগর জাহানের রচনা ও পরিচালনায় একটি নাটকের শুটিং শুরু হয়েছে। নাম 'থ্রিটু-ওয়ান-জিরো-অ্যাকশন'। উত্তরার বিভিন্ন লোকেশন ঘুরে দেখা গেছে, ঈদের নাটকের শুটিং নিয়ে চলছে ধুম। এর মধ্যে আপন ঘর শুটিং হাউসে শুভর 'মেঘের বাড়ি যাব' নামে একটি নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকটি ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বলে নির্মাতা জানান। আনন্দবাড়ি শুটিং স্পটে বাবু সিদ্দিকীর একটি ঈদ নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকের নাম ঠিক করা হয়নি। নাটকটিতে অভিনয় করেছেন সাফা কবির ও জোভান। রাজধানীর কারওয়ানবাজারে দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে 'আইজু ভাই নেতা হতে চায়' নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছে। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, উর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকে। নাটকটি নির্মাণ করছেন ফিরোজ কবির ডলার।

আদিবাসী মিজান পরিচালিত কুড়িল তিনশ' ফিট এলাকায় 'ডায়াবেটিস' নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকের শুটিং হয়েছে। রাজধানীর অদূরে পূবাইলেও চলছে ঈদ নাটকের শুটিং। সেখানে শামীম জামান চারটি নাটকের শুটিং শেষ করেছেন। এই নির্মাতা মালয়েশিয়া থেকে সম্প্রতি আরও আটটি নাটকের শুটিং করে এসেছেন। অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির জানান, ঈদের জন্য 'মতলব' ও 'মুকুল কলেজ' নামে একটি ধারাবাহিক এবং একটি খন্ড নাটক নির্মাণ করছেন। ঈদ উপলক্ষে সরদার রোকন নির্মাণ করছেন ছয়টি নাটক। সকাল আহমেদ সাত পর্বের একটি ধারাবাহিক ও একটি খন্ড নাটকের শুটিং করেছেন। নাট্যনির্মাতা দীপু হাজরাও নেপাল থেকে পাঁচটি খন্ড নাটকের শুটিং করে দেশে ফিরেছেন। রাশেদা আক্তার লাজুক এখন পর্যন্ত ঈদের দুটি খন্ড নাটকের শুটিং করেছেন। এদিকে মাবরুর রশীদ বান্নাহ পাঁচটি খন্ড নাটকের শুটিং নিয়ে অস্ট্রেলিয়া গেছেন।

এ ছাড়া দেশে আরও অনেক নাটকের শুটিং চলছে। সালাউদ্দিন লাভলু, এসএ হক অলীক, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদ দিদার, সাজ্জাদ সুমনসহ অনেক নির্মাতা ঈদের নাটকের কাজ নিয়েই ব্যস্ত আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  নাটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status