আশুলিয়ায় নারীকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভাঙ্গলো যুবলীগ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 9:53 PM
আশুলিয়ায় নারীকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভাঙ্গলো যুবলীগ নেতা
সাভারের আশুলিয়ায় একটি মার্কেট দখল করতে না পেরে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে এক নারীর হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মাকসুদা আক্তারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নারীর ভাই ফারুক হোসেন অভিযোগ করে, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় তাদের মালিকানাধীন ফলের আড়ৎ এর একটি মার্কেট দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছিল আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভূইয়া। পরে বুধবার সকালে ওই নারী তার নিজ মার্কেটে গেলে যুবলীগ নেতা মঈনুল, জয়নাল হাজী, খলিল, শরীফ, সুমন, আব্দুল হালিমসহ বেশ কিছু নেতাকর্মী নিয়ে তার মার্কেটে গিয়ে অবস্থান নেয়।
এসময় যুবলীগ নেতা তার বোনকে মামলা তুলে নেওয়াসহ মার্কেট ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করেন। তবে মার্কেটের মালিক তার বোন এর প্রতিবাদ করায় যুবলীগ নেতা মঈনুল ও তার লোকজন লোহার রড ও পাইপ দিয়ে মাকসুদাকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। পরে তারা মার্কেট মালিককে এখানে না আশার জন্যও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
আহত নারী মাকসুদা আক্তার মাসু বলেন, বেশ কিছুদিন যাবৎ তার মার্কেট দখল করার জন্য পায়তারা করে আসছে। এ ঘটনায় তিনি এর আগে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে একটি মামলা করেছেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতারও করেছিলো।
আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়া বলেন, ওই মহিলা আমার মার্কেটের সামনে এসে নিজের লোকজন দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে যায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে থাকতে পারে। তবে আমি সেখানে ছিলাম বলে তিনি দাবী করেন।
তবে এ ঘটনায় থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় তার যুবলীগ নেতার কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেন।
এদিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মার্কেট মালিকের ভাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।