স্বর্ণ না কিনে দুই অসহায় পরিবারের দায়িত্ব নিলেন মাহিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 5:01 PM
স্বর্ণ না কিনে দুই অসহায় পরিবারের দায়িত্ব নিলেন মাহিকা
করোনাভাইরাসের কারণে পাল্টে গেছে গোটা বিশ্বের পরিস্থিতি। স্থগিত ঘোষণা করা হয়েছে বৈশ্বিক ও আঞ্চলিক অনেক অনুষ্ঠান। পিছিয়ে গেছে ভারতীয় উৎসব ‘অক্ষয় তৃতীয়া’। এই উৎসব সাধারণত স্বর্ণ কিনে রাখার মাধ্যমে উদযাপিত হয়। এই স্বর্ণকে আশীর্বাদ হিসেবে দেখা হয়। তবে ‘রামায়ণ’খ্যাত ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা ভিন্ন উপায়ে উৎসবটি পালন করেছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, চলমান লকডাউনের কারণে যুক্তরাজ্যে আটকা পড়েছেন মাহিকা। এরই মধ্যে তিনি মুম্বাইয়ের রাস্তা থেকে আশ্রয়হীন দুটি পরিবারকে আশ্রয় দিয়েছেন এবং তাঁদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন।
‘অক্ষয় তৃতীয়াতে স্বর্ণ কিংবা অলংকার কেনার এই উৎসব উদযাপনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এ বছর এই সময়ে চলমান পরিস্থিতিতে আমি মানুষের প্রয়োজনে সাহায্য করার চেষ্টা করেছি। আমি লন্ডনে আটকা পড়ে আছি, কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর পেলাম, মুম্বাইয়ের দুটি পরিবারের জরুরিভাবে আশ্রয় ও চিকিৎসা দরকার। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি ওই দুটি পরিবারকে এক বছরের জন্য সেবা করার সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন মাহিকা।
এই টেলিভিশন অভিনেত্রী তাঁদের জন্য শহরে থাকার জায়গা, চিকিৎসার জন্য অর্থ ও খাদ্যের ব্যবস্থা করেছেন এরই মধ্যে। সাবেক এই বিউটি কুইন ‘মিস টিন নর্থেস্ট’-কে আগামীতে প্রাপ্তবয়স্ক ছবির তারকা ড্যানি ডির সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে। রুপালি পর্দায় শিগগিরই অভিষেক হতে যাচ্ছে ড্যানির।
ভক্তদের আশা, যুক্তরাজ্যে মাহিকা নিরাপদ ও সুস্থ থাকুন এবং লকডাউন শেষ হলে দ্রুতই তাঁর দেশ ভারতে ফিরে যান।