ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন রেকর্ড সংখ্যক সাঁতারু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 30 November, 2020, 10:33 AM

বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন রেকর্ড সংখ্যক সাঁতারু

বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন রেকর্ড সংখ্যক সাঁতারু

বঙ্গোপসাগরে শুরু হয়েছে ১৫তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২০। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের স্রোত ধারার নাম বাংলা চ্যানেল। এবার এই চ্যানেল সাঁতরে পাড়ি দিতে অংশ নিয়েছেন ৪৩ সাঁতারু। যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর ৩১ সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেন।

সোমবার সকাল ৯টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটি থেকে শুরু হয়েছে এই সাঁতার। বাংলা চ্যানেলের ১৬ কিলোমিটার সাঁতরে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাতে হবে সাঁতারুদের। ১৫তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। গত মার্চে এই সাঁতার আয়োজনের কথা ছিল। করোনা পরিস্থিতিতে তখন সেটি স্থগিত হয়ে যায়।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার জানান, চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এই আয়োজন করা হচ্ছে। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করবেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী নৌকা থাকবে। এছাড়া কোস্ট গার্ডের সার্ভিস বোট, জরুরি নৌকা ও ডুবুরিরা থাকবেন।

তিনি আরো জানান, এবারের বাংলা চ্যানেল সাঁতারে বেশ কিছু রেকর্ড হতে পারে। ৬৮ বছর বয়সী সাঁতারু ক্ষিতিন্দ্র চন্দ্র বৈষ্য এই সাঁতারে অংশ নিচ্ছেন। সফল হলে তিনিই হবেন বাংলা চ্যানেল পাড়ি দেয়া সবচেয়ে বয়স্ক সাঁতারু। এখন পর্যন্ত এ রেকর্ডের অধিকারী ঢাকার মিজানুর রহমান। তিনি ২০১৯ সালে ৬৭ বছর বয়সে এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এবার তিনি অংশ নিচ্ছেন না।

২০০৬ সাল থেকে টানা ১৪ বার বাংলা চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার। এবারে পাড়ি দিলে টানা ১৫ বারের রেকর্ড গরবেন তিনি। এবারের ৪৩ সাঁতারুর মধ্যে একজন বিদেশি, দুইজন নারী ও দুইজন পুলিশ কর্মকর্তাও আছেন। অধিকাংশ সাঁতারু এখন সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন। শনিবার থেকে সাগরে অনুশীলন করেছেন। রোববার সেন্টমার্টিনে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন সাঁতারুরা।

এবারের বাংলা চ্যানেল সাঁতারের সহ-আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড, প্রধান পৃষ্ঠপোষক ফরচুন গ্রুপ, পৃষ্ঠপোষক ভিসা থিং ও এনসিসি ব্যাংক, অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টুডিও ঢাকা ও ষড়জ, রেসকিউ পার্টনার হিসেবে আছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলা চ্যানেল আবিষ্কার করেন অ্যাডভেঞ্চার গুরু খ্যাত প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথমবার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবীর ও সালমান সাঈদ।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status