ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ই-কমার্সের ফেরত পাওয়া টাকা তুলতে পারছেন না নগদের গ্রাহকেরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 September, 2021, 8:41 PM

ই-কমার্সের ফেরত পাওয়া টাকা তুলতে পারছেন না নগদের গ্রাহকেরা

ই-কমার্সের ফেরত পাওয়া টাকা তুলতে পারছেন না নগদের গ্রাহকেরা

পণ্য সরবরাহ করতে না পেরে ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ শপ ও আলাদিনের প্রদীপ গ্রাহকদের টাকা ফেরত দিতে শুরু করেছে। গ্রাহকেরা যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য কেনার জন্য টাকা দিয়েছিলেন, সরকারি নির্দেশনা মেনে ই-কমার্স প্রতিষ্ঠান দুটি সেই প্ল্যাটফর্মে টাকা ফেরত দিচ্ছে। তবে নগদ সেবার মাধ্যমে যাঁদের টাকা ফেরত আসছে, তাঁদের অনেকের হিসাব বন্ধ করে দিয়েছে নগদ কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক লেনদেনের আখ্যা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। ফলে আটকে গেছে টাকা, ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।


    নগদের মাধ্যমে যাঁদের টাকা ফেরত আসছে, তাঁদের অনেকের হিসাব বন্ধ করে দিয়েছে নগদ কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক লেনদেনের আখ্যা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে নগদ।

এমন গ্রাহকদের একজন খুলনার শেখ রিয়াদ মাহমুদ। তিনি প্রথম আলাকে বলেন, ‘নগদ দিয়ে সিরাজগঞ্জ শপ ও আলাদিনের প্রদীপে কেনাকাটা করলে ২০-২৫ শতাংশ ছাড় পাওয়া যেত। ফলে গত জুনে আমি নগদ দিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মোবাইল ফোন কেনার অর্ডার করি। মোবাইল দিতে না পেরে তারা নগদ হিসাবে টাকা ফেরত দেয়। এখন নগদ সেই টাকা তুলতে দিচ্ছে না, হিসাব বন্ধ করে দিয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার খাদেমুল ইসলাম একইভাবে নগদের মাধ্যমে ১ লাখ ৯০ হাজার টাকা খরচ করে মোটরসাইকেলের জন্য অর্ডার করেছিলেন। এখন নগদে টাকা ফেরত এলেও তুলতে পারছেন না। তাঁর হিসাবে রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

চট্টগ্রামের জিইসি মোড়ের ফারুক হোসেনও সিরাজগঞ্জ শপ থেকে মুঠোফোন কিনতে নগদের মাধ্যমে ১ লাখ ৩৫ হাজার টাকা দিয়েছিলেন। সেই টাকা ফেরত পেয়েছেন, কিন্তু তুলতে পারছেন না।


ফারুক হোসেন বলেন, ‘যখন নগদের মাধ্যমে টাকা পরিশোধ করা হলো, তখন তো ঠিকই কেটে নিল। এখন টাকা ফেরত এল, হিসাবও বন্ধ করে দেওয়া হলো। আমার ফেরত পাওয়া টাকা নগদ আটকে রাখতে পারে না।’

এসব বিষয়ে যোগাযোগ করা হলেও নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তবে নগদের জনসংযোগ প্রধান জাহিদুল ইসলাম কিছু হিসাব বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কত গ্রাহকের হিসাব বন্ধ করা হয়েছে, তা জানাতে পারেননি।

এদিকে আজ এক বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত থাকার লক্ষণ পরিলক্ষিত হওয়ায় কিছু হিসাবের তথ্য একাধিক নিয়ন্ত্রণ সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। একই সঙ্গে হিসাবগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status