ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 3:56 PM

বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা

বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা

আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর থেকে মুসলিম বিশ্বের সাথে ইসরায়েলের সম্পর্কের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ইসলামের জন্মস্থান সৌদিআরব এবং বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার মতো প্রাক্তন শত্রু দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পর্যবেক্ষকরা আরেকটি বৃহৎ মুসলিম দেশ বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছেন।


বাংলাদেশ ও ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার খবর পাওয়া গেছে, এবং এই মুসলিম দেশটিও এই বছরের শুরুর দিকে পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা সম্বলিত একটি লেখা বাদ দিয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ (যদিও ইসরায়েল ভ্রমণ এখনও আইনত নিষিদ্ধ)। তবে এই বিষয়টি সম্পর্ক স্বাভাবিকরণের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে।


বাংলাদেশে জঙ্গীবাদ বিরোধী সংবাদপত্র উইকলি বিল্টজ এর সম্পাদক সালাহ উদ্দীন শোয়েব চৌধুরি জেএনএস ডেইলি নামক একটি আন্তর্জাতিক গনমাধ্যমকে বলেছেন, এর আগে এই তালিকা থেকে দক্ষিণ আফ্রিকা বাদ যাওয়ার পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুরু হয়। তাইওয়ানও এই তালিকা থেকে বাদ যাওয়ার পর বাংলাদেশ দেশটির সঙ্গে সম্পর্ক শুরু করে। ইসরায়েলের ক্ষেত্রে সাম্প্রতিক এই পরিবর্তন সম্পর্ক স্বাভাবিককরণ এবং উন্মুক্ত সম্পর্কের পথে নিয়ে যাবে বলে মনে করার সব কারণ রয়েছে।


তবে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা চলমান বলে মনে করা হয়। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইসরায়েলি সামরিক- গ্রেড প্রযুক্তি কিনেছে, এবং বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইন্টিগ্রেটেড ট্রেড সলিউশন (ডব্লিউআইটিএস) ডাটাবেস এর তথ্যনুসারে, ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে, ইসরায়েলের আমদানিকৃত ৩৩৩.৭৪ মিলিয়ন মূল্যের পণ্যই বাংলাদেশে উৎপাদিত। ডব্লিউআইটিএস এর তথ্যে আরো দেখা যায়, ২০০৯ থেকে ২০১৫ এর মধ্যে ইসরায়েল বাংলাদেশে ৩.৬৭ মিলিয়ন ডলারের রপ্তানি করেছে। ২০১৫ সালের পরের কোনো তথ্য ডব্লিউআইটিএস এ নেই।


জেএনএস ডেইলি এর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম থেকেই ইসরায়েলের সমর্থন ছিলো এবং স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর মধ্যে ছিলো ইসরায়েল। তা সত্ত্বেও বাংলাদেশের তৎকালীন নেতারা পাকিস্তানের পক্ষে থাকা ইয়াসির আরাফাতের পক্ষাবলম্বন করেছিলেন এবং ইসরায়েলকে পরিত্যাগ করেছিলেন।


বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দীর্ঘদিনের একজন কূটনীতিক, জেএনএসকে বলেন, ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করার বিষয়ে আমরা আশাবাদী। ৭১-এ আমাদের সবচেয়ে কঠিন সময়ে আমরা ইসরায়েলের কাছ থেকে স্বীকৃতির প্রস্তাব পেয়েছি। আমরা এই প্রস্তাবের সদয় প্রশংসা করে বলেছিলাম, ‘আপনাদের ধন্যবাদ। আমাদের সঙ্গে ভারত আছে, সোভিয়েত ইউনিয়ন আছে।’

সালাহ উদ্দীন শোয়েব চৌধুরি জেএনএস নিউজকে বলেন, ‘ইসরায়েল যখন আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে তখন ইয়াসির আরাফাত মুক্তিযুদ্ধকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত হিসেবে তুলনা করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। যেদিন ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেদিন থেকেই ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকা উচিত ছিলো।’


২০০৪ সালে তেল আবিবে হিব্রু লেখক সমিতির একটি সম্মেলনে যোগ দেয়ার চেষ্টা করার জন্য সালাহ উদ্দীন শোয়েব চৌধুরি বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ, ধর্মবিদ্বেষ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখে পড়েন। তাকে ১৭ মাসের কারাদণ্ড দেয়া হয়। একজন মার্কিন কংগ্রেসম্যানের সহায়তার তার জামিন হলেও তার বিরুদ্ধে অভিযোগ এখনো বিচারাধীন।


সালাহ উদ্দীন শোয়েব চৌধুরি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইসরায়েল সম্পর্ক নষ্টের জন্য দায়ী প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। তিনিই পরবর্তীতে শেখ মুজিবর রহমানকে হত্যা করে নিজকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। আমাদের দেশের ইসরায়েল-বিরোধী অবস্থানের জন্য যে ব্যক্তিটি দায়ী তিনি নিজেই এই দেশের শত্রু। ৩০ লাখ মানুষকে হত্যা করা পাকিস্তানের সঙ্গে অর্ধশতাব্দী ধরে আমরা সম্পর্ক রেখেছি। অথচ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। এর কোনো মানে নেই।’


দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক না থাকার পেছনে ইহুদি-বিদ্বেষ দায়ী বলে খুব একটা মনে হয় না, তবে বাংলাদেশের সমাজে এটি অবশ্যই বিদ্যমান রয়েছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা রাখা ব্যক্তিটিই ছিলেন একজন ইহুদি। ভারতীয় সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট জেনারেল জ্যাক ফরজ রাফায়েল জ্যাকব পাকিস্তানের আত্মসমর্পণ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। বাংলাদেশের সংসদ ভবনের নকশাকার লুই আই কান ইহুদি-এস্তোনিয়ান বংশোদ্ভূত মার্কিন স্থপতি।


বাংলাদেশের বর্তমান উন্নয়ন ইসরায়েলের নজর এড়ায়নি। ৪০৯ বিলিয়ন অর্থনীতির এই দেশটির জিডিপি প্রবৃদ্ধি এখন ৭.৯ শতাংশ এবং এর সরকার কাঠামো অনেক উদার। গত ২০ বছর ধরে বাংলাদেশের নেতৃত্বে নারীরা রয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার এবং বিরোধীদলীয় নেত্রী একজন নারী। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল নিষিদ্ধের বিষয়টি বাদ দেয়াকে প্রকাশ্যেই স্বাগত জানিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা এবং বছরের পর বছর ধরে উষ্ণ সম্পর্ক স্থাপনের জন্য খোলাখুলিভাবে আহ্বান জানিয়ে যাচ্ছেন।


দুবাইয়ে ইসরায়েলি কনস্যুলেটের প্রতিনিধি ইলান সৎজটুনলম্যান স্টারোস্তা বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বৃহৎ জনসংখ্যা ও সম্পদ নিয়ে বাংলাদেশ এখন উদ্ভাবনের কেন্দ্রে অবস্থান করছে। মানুষ বুঝতে পারছে ব্যবসার পরবর্তী ধাপ হল উদ্ভাবন, কারণ পুরানো প্রযুক্তিগুলি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়েছে এবং এগুলো মেয়াদ ক্ষীণ। আমরা বাংলাদেশী গবেষক, বিশ্ববিদ্যালয় এবং কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের জন্য অপেক্ষা করছি এবং আমি মনে করি যে এই অঞ্চলের প্রত্যেকেই এই সম্পর্ক থেকে উপকৃত হবেন।’ এই সময় তিনি আরো বলেন, ‘দুই দেশেরই মিত্র ভারত ইসরায়েল-বাংলাদেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছুই স্থায়ী নয়। সীমানা পরিবর্তন হয়। সরকার পরিবর্তন হয়। এটা সময়ের ব্যাপার।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status