সিলেট-আখাউড়া রেলপথে তেলবাহী চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ঢিলে মো. তৌহিদুল মোরসালিন নামে এক সহকারি চালক (এএলএম) গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হবিগঞ্জের মনতলা স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের লোকোমোটিভেরও (ইঞ্জিন) ক্ষতি হয়। সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল।
ট্রেনটিকে মনতলা স্টেশনে দাঁড় করানোর পর গুরুতর আহত সহকারি চালক মো. তৌহিদুল মোরসালিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রেনটির প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।
তৌহিদুল মোরসালিন জানান, মনতলা স্টেশনের কাছে ১০-১২ জন লোক দাঁড়ানো ছিলো। এর মধ্যে দু’একজন হঠাৎ করে ঢিল ছুড়তে থাকে। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং রক্ত বের হয়। ট্রেনটি মনতলা স্টেশনে দাঁড় করিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাড়ে আটটার দিকে ট্রেন নিয়ে আখাউড়ার উদ্দ্যেশ্যে রওয়ানা হন। ঢিলে লোকোমোটিভের গ্লাস ভেঙ্গে যায়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে পুলিশ পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন হকার সমিতির সভাপতি হেবজু মিয়া জানান, ট্রেনটি আখাউড়া আসার পর জসিম উদ্দিন চিকিৎসা নেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান জানান, ‘আমরা শুনেছি। রাতেই আমরা সেখানে অভিযান চালিয়েছি। জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’