|
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুধকুমার নদীর পানি মাত্র ৩ সেন্টিমিটার বাড়ে। তবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে তিন ঘণ্টায় পানি বেড়ে যায় ৩২ সেন্টিমিটার। এরপর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পায়। সন্ধ্যায় নদীর পানি সমতল ছিল ২৯ দশমিক ৪৯ মিটার, যা বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচে। পানি বাড়ায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া ও চর বলদিয়া এবং নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, লুছনি ও ফান্দরচর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় এখনো বসতবাড়িতে পানি না উঠলেও ফসলি জমি তলিয়ে গেছে। অনেক বাড়ির আঙিনায় পানি পৌঁছানোয় স্থানীয় মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, দুপুরের পর থেকেই দুধকুমারের পানি দ্রুত বাড়ছে। এতে পাইকেরছড়া ও পাইকডাঙ্গাসহ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে। এদিকে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানিও ধীরগতিতে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন কুড়িগ্রামের সব নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এ সময় কয়েকটি নদীর পানি সতর্কসীমা কিংবা বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে আবারও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজানের ঢলে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য নদীর পানিও কিছুটা বেড়েছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
