আর্সেনালের বিপক্ষে লিভারপুলের লিগ কাপের সেমিফাইনাল ম্যাচটি করোনার কারণে স্থগিত হয়ে গেছে। অ্যানফিল্ডে ম্যাচটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু লিভারপুল শিবিরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তাদের অনুরোধে ইএফএল ম্যাচটি স্থগিত ঘোষণা করে। এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করেছে।
এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ, আলিসন বেকার, জোয়েল মাটিচ ও রবার্তো ফিরমিনো আইসোলেশনে আছেন। নতুন করে ক্লাবের সহকারী কোচ পেপ লিনডার্স করোনায় আক্রান্ত হয়েছেন।
এই সংখ্যা আগামী কয়েকদিনে আরো বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এ কারনেই লিভারপুলের আবেদনের প্রেক্ষিতে ইংলিশ ফুটবল লিগ ম্যাচটি স্থগিত করেছে।
লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সর্বশেষ পরীক্ষায় লিনডার্স ধরা পড়েছেন। তবে আরো অনেকের মধ্যেই মৃদু উপসর্গ রয়েছে। এ কারনে ম্যাচের অংশ নেবার মত পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় আমরা লিগ কর্তৃপক্ষের কাছে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি স্থগিতের আবেদন জানাই।
করোনা ছাড়াও ইনজুরির কারণে থিয়াগো আলকানটারা, টাকুমি মিনামিনো ও ডিভোক ওরিগি দলের বাইরে রয়েছেন। এছাড়া আফ্রিকান নেশন্স কাপে নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করার কারনে মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও নেবি কেইটা দল ছেড়ে চলে গেছেন।
নতুন তারিখ অনুযায়ী লিভারপুল লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি আগামী ১৩ জানুয়ারি অ্যানফিল্ডে আয়োজন করবে। পরের সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।
আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও টটেনহ্যাম। লিভারপুলের পরবর্তী ম্যাচ আগামী রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে শ্রুশবেরির বিপক্ষে।