কোনো ধরনের ঘুষ ও তদবির ছাড়াই স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ‘চাকরি নয়, সেবা’ এ শ্লোগানকে সামনে রেখে সরকারিভাবে মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ১৬জনকে নিয়োগ দেয়া হয়েছে বলে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে।
রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয় সূত্রে আরো জানা গেছে, রাঙ্গামাটি নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে গত ২০ মার্চ থেকে ০৯ এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে কনস্টেবল (টিআরসি) নিয়োগ এ পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় ৫৬৬ জন অংশগ্রহন করে। এরমধ্যে চূড়ান্তভাবে ১৬ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি দেয়া হয়েছে। এরমধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ২ জন।
চাকরিতে নিয়োগ প্রার্থীরা জানান, ফরম আর রেজিস্ট্রেশন ফি বাবদ তাদের কাছ থেকে মাত্র ১২০ টাকা নেয়া হয়েছে। এ ১২০ টাকা ছাড়া আর কোনো ধরনের টাকা পয়সা লাগেনি। পুলিশে চাকরি পাওয়া পুরুষ সৌরজগত চাকমা কান্নাস্বরে বলেন, তার বাবা একজন কৃষক। সে দরিদ্র পরিবারের সন্তান। গতবারেও পুলিশ নিয়োগের প্রার্থী ছিল সে। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে চাকরি হয়নি তার। এবার ভগবানের আর্শীবাদে এবং তার নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে এ চাকরি পেয়েছেন।
এ চাকরি পেতে শুধু মাত্র তার ১২০ টাকা খরচ হয়েছে। সে আইজিপি ও রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশে চাকরি পাওয়া আরেক পুরুষ বশিরউল আলম জানান, মাত্র ১২০ টাকায কোনো ধরনের ঘুষ ও তদবির ছাড়াই চাকরি পেয়ে সেও খুবই আনন্দিত। পুলিশে চাকরি পাওয়া এক নারী উর্মি চাকমা জানান, ছোটবেলা থেকেই তার পুলিশে চাকরি করার শখ। এবারেই প্রথম পুলিশে চাকরি জন্য আবেদন করেন।
প্রথমবারেরই ভগবানের আর্শীবাদে তার চাকরি হয়েছে। সে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশে চাকরি পাওয়া প্রার্থীদের অভিভাবকরা জানান, তারা তখনো বিশ্বাস করতে পারছেন না যে এত সুন্দর এবং কঠিন প্রতিযোগিতামূলক তদবিরবিহীন স্বচ্ছ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে তাদের সন্তানদের চাকরি হয়েছে। নির্বাচিত প্রার্থীর অভিভাবক সকলেই বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে।
অশ্রুশিক্ত নয়নে অভিভাবক রাজেন্দ্র চাকমা জানান, সুন্দর একটি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করায় প্রথমেই আইজিপি মহোদয় এবং রাঙ্গামাটি পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনারা সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ। তাই আজ তাঁর সন্তান এত সুন্দর প্রতিযোগিতামূলক তদবিরবিহীন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন। তাও মাত্র ১২০ টাকায়।
এবিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর হোসেন জানান, তোমরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর মাধ্যমে দেশ সেবায় চুড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছো। রাঙ্গামাটি জেলায় সম্পূর্ণ তদবিরবিহীন, সুপারিশ বিহীন এবং প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা, যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার মহোদয়ের কঠোর দিক নির্দেশনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ-২০২২ এর কার্যক্রম সম্পন্ন হয়। আমার বিশ্বাস তোমরা তোমাদের সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।