ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
জেমি ডে’র পাওনা না দেয়ায় ফিফা’র উন্নয়ন অনুদান বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 February, 2023, 11:43 AM

জেমি ডে’র পাওনা না দেয়ায় ফিফা’র উন্নয়ন অনুদান বন্ধ

জেমি ডে’র পাওনা না দেয়ায় ফিফা’র উন্নয়ন অনুদান বন্ধ

দিনকে দিন বাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জেমি ডে’র পাওনা। যা বাড়তে বাড়তে কোটি টাকা ছুঁয়েছে। ফিফার বেঁধে দেয়া সময় ২৬শে ডিসেম্বর পেরিয়ে গেলেও অর্থসংকটের মধ্যে সেটা পরিশোধ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত সময়ে এই বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় উন্নয়ন অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা। এদিকে ব্যাংক ঋণ নিয়ে দ্রুত সময়ের মধ্যেই জেমি ডে’র বকেয়া পরিশোধের কথা বলছে বাফুফে। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের আগে, সেপ্টেম্বর মাসে জেমি ডেকে বরখাস্ত করে বাফুফে। কোনো রকম পারিশ্রমিক পরিশোধ না করেই বিদায় করা হয় তাকে। চুক্তির মেয়াদ শেষের আগে বিদায় নেয়া ইংলিশ কোচ বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাফুফের বিরুদ্ধে নালিশ করেন ফিফার কাছে। এসব ক্ষেত্রে সাধারণত কোচের পক্ষেই থাকে ফিফা। জেমি ডে’র নালিশের পর দুই পক্ষকে নিয়ে শুনানি করে ফিফা।

শুনানিতে চুক্তি অনুযায়ী কোচের প্রাপ্য বুঝিয়ে দেয়ার নির্দেশ দিলেও বাফুফে এখনো দিতে পারেনি। সাত মাসের বকেয়া বেতন আর জরিমানা মিলে টাকার অঙ্ক কোটি ছুঁয়ে গেছে। ২৬শে ডিসেম্বরের মধ্যে জেমি ডে’র বকেয়া পরিশোধের দিনক্ষণ নির্ধারণ করে দেয় ফিফা। নির্ধারিত এই সময়ে দেয়ার চেষ্টা করেও বাফুফে পারেনি অর্থাভাবে।

বিষয়টি স্বীকার করে জেমি ডে মানবজমিনকে বলেন ‘আমি আমার বকেয়া পারিশ্রমিক পাইনি। তবে আশা করছি বাফুফে শিগগিরই আমার পাওনা মিটিয়ে দেবে। না দিলে ফিফা নিশ্চয়ই ব্যবস্থা নিবেন। এর চেয়ে বেশিকিছু বলতে পারবো না আমি।’ ব্যাপারটা যেহেতু ব্যক্তিগত আইনজীবী দেখছেন, তাই বিদায়ী কোচ এ নিয়ে বাড়তি কথা বলে কোনো ফাঁদে পড়তে চান না। এর আগে ডাচ্ কোচ রেনে কোস্টারকেও চাকরিচ্যুত করে ২০১৬ সালে ৮০ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। মেয়াদ পূর্তির আগে বাংলাদেশ দলের ফুটবল কোচকে বরখাস্ত করে বার বার নিজেদের বিপদ ডেকে এনেছে বাফুফে। ২৭শে ডিসেম্বর শেষ সময় নির্ধারণ করে দিয়েছিল ফিফা। এ সময়ের মধ্যে সাবেক এই ইংলিশ কোচের বকেয়া পরিশোধ না করায় উন্নয়ন সাময়িক বন্ধ করে দিয়েছে ফিফা। আগামী ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এই অনুদান। এরমধ্যে জেমির বকেয়া পরিশোধ না করলে বড় ধরনের শাস্তির কবলে পড়তে পারে বাংলাদেশের ফুটবল। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, আর্থিক সংকটের কারণে আমরা জেমি ডে’র বকেয়া ফিফার বেঁধে দেয়া সময়ে পরিশোধ করতে পারিনি। তবে প্রয়োজনে ব্যাংক ঋণ নিয়ে হলেও দ্রুততম সময়ের মধ্যেই তার বকেয়া পরিশোধ করবো।’

জয়ের ধারায় থাকা কোনো দল হঠাৎ খারাপ করলে দায় চাপানো যায় কোচের ওপর। তখন তাকে বরখাস্তও করা যায়। কিন্তু যে দল জয়ের দেখা পায় কালেভদ্রে, সেই দলের কোচ বরখাস্ত করে অহেতুক জরিমানা গোনার কার্যকারিতা বাফুফেই ভালো বুঝবে! এমন দলের ক্ষেত্রে কোচিংয়ের চেয়ে ফুটবলারদের মান পড়ে যাওয়াও বড় সমস্যা। যেমন জেমির উত্তরসূরি হাভিয়ের কাবরেরাকে কি বদলে দিতে পেরেছেন বাংলাদেশ দলকে? এক বছরে তিনি ৮ ম্যাচ খেলে জিতেছেন মাত্র একটি, কম্বোডিয়ার বিপক্ষে। তবু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি আগামী জুন-জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে স্বপ্ন দেখতে শুরু করেছে।

কোচের সঙ্গে সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘সাফের জন্য আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে, তাই আমরা প্রস্তাবনা আকারে আলোচনা করেছি। এজন্য মার্চের ফিফা উইন্ডোতে কোন কোন দলের বিপক্ষে আমরা খেলতে পারি এবং তার জন্য প্রস্তুতি নিতে হবে। তাছাড়া এ বছর খেলাগুলো আমরা এমনভাবে খেলতে পারি যেন আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়।’ প্রস্তুতির জন্য উপযুক্ত প্রতিপক্ষ খুঁজে পায় না বাংলাদেশ। আগে খেলার আগে জয়ের প্রত্যাশা অন্তত করা যেতো। এখন সেটুকুও করা যায় না। তাই র‌্যাঙ্কিংয়ে উন্নতির সিঁড়ি খুঁজেই পাচ্ছে না বাংলাদেশ। জাতীয় দলের স্প্যানিশ কোচ অবশ্য বেশ আশাবাদী, ‘মার্চে ফিফা উইন্ডোর জন্য আমাদের মাঠে প্রস্তুতি নেয়া প্রয়োজন। গুছিয়ে নেয়ার জন্য আশা করি আমরা পর্যাপ্ত সময় পাবো। নিজেদের মেলে ধরার জন্য ভালো মাঠও পাবো।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status