চলতি বছরের গত ২১শে জুন থেকে শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি সিজন ৩’। এবারের সিজনে সালমান খানের পরিবর্তে সঞ্চালকের আসনে ছিলেন জনপ্রিয় সুপার স্টার অনিল কাপুর। এবারের শোয়ের সব থেকে বড় চমক হলো এমন কিছু প্রতিযোগী আছে যারা আগে কখনো বিগবসের ঘরে আসেননি। সেই তালিকায় রয়েছে ভারতের জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। নেটদুনিয়ায় দুই স্ত্রীকে নিয়ে ভাইরাল আরমান। তাদের ভিডিও কিংবা কোনো কর্মকাণ্ড মানেই আলোচনার সৃষ্টি। দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে সঙ্গে নিয়েই বিগ বসের ঘরে পা রেখেই সেই আলোচনায় আরও ঘি ঢেলেছেন ।
আর এতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেক তারকারাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। টলিউড অভিনেতা দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেন, দুই স্ত্রীকে নিয়ে রিয়্যালিটি শোয়ের দর্শকের মনোরঞ্জন করা বিনোদন জোগানোর অপব্যবহার। একই মত প্রকাশ করেছেন অভিনেতা করণ কুন্দ্রারও। এমনকি আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফল্লাহ।
তিনি বলেন, আরমান যদি দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে আসতে পারে, তাহলে নারীরাও দুইজন স্বামী নিয়ে সেখানে যেতেই পারেন। সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরকেও মেনে নেবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ আমি ‘বিগ বস ওটিটি ৩’ নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন ওদের কোনও সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনও সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হল আমরাও যেন দু'জন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব।
তিনি আরও বলেন, যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে শোয়ে এসেছেন সেটা সকলে উপভোগ করছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক। হিসেবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই না? উল্লেখ্য, ২০১১ সালে মাত্র ১৭ বছর বয়সে পায়েলকে বিয়ে করেন ইউটিউবার আরমান। এরপর স্ত্রী পায়েলকে ডিভোর্স না দিয়ে তার বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সংসার করছেন তিনি। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।