গাছায় সিভিলসার্জনের বাড়িতে ডাকাতি অভিযানে ৬ ডাকাত সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 8:58 PM
গাছায় সিভিলসার্জনের বাড়িতে ডাকাতি অভিযানে ৬ ডাকাত সদস্য গ্রেপ্তার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার একটি চৌকস অভিযানে ডাকাত দলের ছয় সদস্যদের গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ লুণ্ঠিত (খোয়া যাওয়া) নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সময়কে এসব তথ্য জানান গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তির বরাতে ওসি আমিনুল ইসলাম বলেন, রোববার ভোর রাত সোয়া ৩-৫টা পর্যন্ত গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোড এলাকার একটি বাসায় সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।
অজ্ঞাতনামা ১১-১২ জনের একটি ডাকাত দল ঘরের ভেতর ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার, দামি ঘড়ি, জামদানী শাড়ি, মোবাইলসহ সর্বমোট প্রায় ৯ লাখ ৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই বাড়ি থেকে। জানা যায় ওই বাড়িতে বসবাস করতেন সাবেক সিভিল সার্জন।
এ বিষয়ে সোমবার ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে, গাছা থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে জিএমপি কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এর নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
একপর্যায়ে প্রথমে মাধবদী থানার দিঘীরপাড় ও রাইনাদী এলাকা থেকে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- নরসিংদী'র মোঃ শামীম (৩৫) ও মোঃ মোশরাফ (৪২), শরীয়তপুরের জাহিদুল ইসলাম মানিক সে অস্থায়ী তুরাগের ফুলবাড়িয়ায় বসবাস করতো, রংপুরের মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০) সে অস্থায়ী রাজধানীর দক্ষিণখানে বসবাস করতো, রাজধানীর উত্তরখানের আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০), কুমিল্লার শাহদাত হোসেন শীতল (১৯), সে বর্তমানে দক্ষিণখানে বসবাস করতো। তাদেরকে উত্তরার দক্ষিণ খান নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার সাবল, দুটি ধারালো দা' ও নগদ এক লাখ ৫৫ হাজার লুটের টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
জিএমপি জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে যার মধ্যে বিজ্ঞপ্তিতে অন্তত ১০টি উল্লেখ করা হয়।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ জানান, “ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টাও চলছে।”
উল্লেখ্য, গত রবিবার (৯আগস্ট) নগরীর বোর্ডবাজারের অবসরপ্রাপ্ত সিভিল সার্জনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সোমবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। জিএমপি'র তাৎক্ষণিক এমন সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।