ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে নিহত ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 November, 2025, 12:07 PM

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন। নিহত ৩৫ বছর বয়সী আরিফ মির ওই একই গ্রামের খবির মিরের ছেলে।

এ ঘটনায় গুলিবিদ্ধ ইমরান নামের এক জনকে অশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিহত আরিফের চাচাত ভাই বলে পুলিশ জানিয়েছে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামালের অনুসারীদের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এলাকার লোকজনের বরাতে ওসি সাইফুল আলম বলেন, “সকালে আরিফ ও তার চাচাত ভাই ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় যায়। এ সময় শাহ কামালের নেতৃত্বে একদল তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলি করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হয়।”

তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন বলেন, “দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে পরীক্ষা করে দেখা যায়, তাদের মধ্যে আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে আসার আগেই।”

আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ওসি সাইফুল বলেন, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status