|
ভূমিকম্প নিয়ে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের
নতুন সময় ডেস্ক
|
![]() ভূমিকম্প নিয়ে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের আলোচনায় প্রখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া বলেন, অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এবং ভবন নির্মাণ যথাযথ তদারকিতে হলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি ভূমিকম্পের সময় তাড়াহুড়ো না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন। নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব বলেন, ভূমিকম্প প্রতিরোধ করা না গেলেও ক্ষতি অনেক কমানো সম্ভব। ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়ায় তদারকি না থাকাকে তিনি উদ্বেগজনক উল্লেখ করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঝুঁকি, গ্যাস লিকেজ, ভুল নির্মাণ, রেগুলেটরি অথরিটি গঠন, ব্লক ডেভেলপমেন্ট ও ট্রান্সফার অব ডেভেলপমেন্ট রাইটস (টিডিআর) বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান বলেন, অনেক সিভিল ইঞ্জিনিয়ার ভূমিকম্প-সহনশীল ডিজাইনে পর্যাপ্ত দক্ষ নন। তিনি এ বিষয়ে সিপিডি, নিয়মিত ট্রেনিং এবং স্থপতি-প্রকৌশলীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সাবেক আইএবি সভাপতি ও সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির বলেন, অ-বৈজ্ঞানিক ভূমিকম্প পূর্বাভাস ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির প্রবণতা বন্ধ করতে হবে। তিনি বলেন, “ভয় নয়, এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ—ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, সরু সড়ক প্রশস্তকরণ, সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো সংস্কার, আলগা আসবাবপত্র দেয়ালে বেঁধে রাখা, দক্ষ পেশাজীবীদের তত্ত্বাবধানে মাটির পরীক্ষা নিশ্চিত করা এবং ভবনের জরুরি বহির্গমনপথ চিহ্নিত করা।” ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য বক্তারাও কাঠামোগত নিরাপত্তা, বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ বলেন, “পোস্ট-ডিজাস্টার বিষয়ে কাজ করলে আমরা সরকারকে গুরুত্বপূর্ণ সুপারিশ দিতে পারব। আমরা দেশকে এবং দেশের মানুষের জীবন রক্ষা করতে চাই, একসাথে টেকসই নিরাপত্তা গড়ে তুলতে চাই।” অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাস্থই-এর সহসভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প-সম্পর্কিত ভুল ধারণা দূর করে বৈজ্ঞানিক তথ্য ও বাস্তবতা তুলে ধরার ওপর গুরুত্ব দেন। আলোচনার শেষে প্রাপ্ত সুপারিশগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
