ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে ভিভিআইপি অনুমোদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 December, 2025, 3:34 PM

লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে ভিভিআইপি অনুমোদন

লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে ভিভিআইপি অনুমোদন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত শিডিউল অনুমোদনসহ ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র।

সূত্র জানায়, শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেবিচকের ফ্লাইট সেফটি রেগুলেশন (এফএসআর) বিভাগ পুরো প্রক্রিয়া সম্পন্ন করে। এতে যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের পথ সুগম হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা ছিল। তবে নির্ধারিত বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় সেটি বাতিল করা হয়। পরে কাতার সরকারের সহায়তায় জার্মানি থেকে নতুন আরেকটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়, যার ক্লিয়ারেন্স সংক্রান্ত নথি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর হাতে পৌঁছে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় নিয়ে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। চূড়ান্ত রুট ও সময়সূচির নিশ্চয়তা পাওয়া মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ জানান, সব ধরনের পেপারওয়ার্ক সম্পন্ন হয়েছে। পূর্বনির্ধারিত তথ্য অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা আপাতত পিছিয়েছে। নতুন তারিখ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিন তাঁকে নেওয়া হতে পারে।

বেগম জিয়ার এক চিকিৎসক জানান, তাঁর শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরেই স্থিতিশীল থাকলেও ফ্লাই করার উপযুক্ত কি না-সেটি বিবেচনায় নিতে হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতেও কিছুটা দেরি হওয়ায় সিদ্ধান্তে সময় লাগছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, নতুন যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের ব্যবস্থাপনায় আসার কথা, সেটি ৬ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় পৌঁছানোর পর ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে উড়াল দেওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status